দীর্ঘদিন ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবশেষে শেষের দিকে এগোচ্ছে—এমন ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় দিবস উপলক্ষে মস্কোয় আয়োজিত সামরিক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমান সংঘাত হয়তো এখন শেষ পর্যায়ের দিকে যাচ্ছে।
যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন অভিযানে “বিশেষ সামরিক অভিযান” শব্দটি ব্যবহার করে আসছে মস্কো। এবারও সেই ভাষাই ধরে রেখে পুতিন বলেন, পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সংঘাতের শেষ দেখা যাচ্ছে। তবে একই সঙ্গে তিনি পশ্চিমা দেশগুলোর ভূমিকাকে কঠোরভাবে সমালোচনা করেন।
পুতিনের বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে, ইউক্রেন যুদ্ধকে তিনি শুধু রাশিয়া ও ইউক্রেনের দ্বন্দ্ব হিসেবে দেখছেন না। বরং তার মতে, এটি মূলত রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা শক্তির দীর্ঘমেয়াদি চাপ ও কৌশলগত প্রতিযোগিতার অংশ।
মস্কোর রেড স্কয়ারে প্রতিবছর যে বিশাল সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, এবারের আয়োজন ছিল তুলনামূলক সীমিত। আগের বছরের মতো ভারী ট্যাংক, ক্ষেপণাস্ত্র বা বড় ধরনের সামরিক প্রদর্শনী চোখে পড়েনি।
রুশ কর্তৃপক্ষের আশঙ্কা ছিল, ইউক্রেন ড্রোন হামলার মাধ্যমে অনুষ্ঠানকে লক্ষ্যবস্তু করতে পারে। তাই পুরো রাজধানীজুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
তবে শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় মস্কো ও কিয়েভের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতির সমঝোতা হওয়ায় সম্ভাব্য হামলার ঝুঁকি অনেকটাই কমে আসে। ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠান শেষ হয়।
সাংবাদিকদের সঙ্গে আলাপের আগে বিজয় দিবসের মূল ভাষণেও ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন পুতিন। তিনি দাবি করেন, রাশিয়া একটি “ন্যায়সঙ্গত যুদ্ধ” লড়ছে।
তার ভাষায়, ইউক্রেন একা নয়—ন্যাটো জোটের পূর্ণ সমর্থন নিয়েই রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পশ্চিমা দেশগুলো অস্ত্র, অর্থ এবং সামরিক সহায়তা দিয়ে এই যুদ্ধকে দীর্ঘায়িত করছে বলেও অভিযোগ করেন তিনি।
পুতিন আরও বলেন, পশ্চিমা শক্তিগুলো শুরু থেকেই ইউক্রেনকে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে রাশিয়ার বিরুদ্ধে সংঘাতকে উসকে দিয়েছে এবং সেই প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে।
বিশ্লেষকদের মতে, পুতিনের “সংঘাত শেষের দিকে” মন্তব্যের পেছনে একাধিক কারণ থাকতে পারে।
প্রথমত, দীর্ঘ যুদ্ধ রাশিয়ার অর্থনীতি ও সামরিক শক্তির ওপর চাপ তৈরি করেছে। পশ্চিমা নিষেধাজ্ঞা, সামরিক ব্যয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক চাপ মস্কোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
অন্যদিকে ইউক্রেনও ব্যাপক মানবিক ও অবকাঠামোগত ক্ষতির মুখে রয়েছে। পশ্চিমা সহায়তা অব্যাহত থাকলেও যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ইউরোপ ও আমেরিকার ভেতরেও ক্লান্তি বাড়ছে।
এ অবস্থায় সাময়িক যুদ্ধবিরতি বা আলোচনার পথকে এখন আগের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে সক্রিয় কূটনৈতিক তৎপরতা শুরু করেছেন। তার উদ্যোগেই কয়েক দিনের যুদ্ধবিরতির আলোচনা সামনে আসে।
যদিও এখনো স্থায়ী শান্তিচুক্তির কোনো স্পষ্ট রূপরেখা তৈরি হয়নি, তারপরও কূটনৈতিক যোগাযোগ বাড়ছে। বিশেষ করে বন্দি বিনিময়, সীমান্ত অঞ্চলে উত্তেজনা কমানো এবং সামরিক হামলা সীমিত করার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে।
তবে সবচেয়ে বড় বাধা এখনো ভূখণ্ড প্রশ্ন। রাশিয়া দোনেৎস্কসহ কয়েকটি অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ চায়, কিন্তু ইউক্রেন নিজেদের ভূখণ্ড ছাড়তে রাজি নয়। ফলে যুদ্ধের সমাপ্তির আভাস মিললেও স্থায়ী সমাধান এখনো অনিশ্চিতই রয়ে গেছে।
সিভি/এইচএম

