মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিপাক্ষিক বৈঠকে ইরান সংক্রান্ত বিষয় নিয়ে চীনের নীতি পরিবর্তনের জন্য চাপ দেবেন। একইসঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, তাইওয়ান ইস্যু, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কিত বিষয়ও আলোচনার টেবিলে থাকবে।
গত ১০ মে মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তারা ট্রাম্পের চীনে সফরের বিষয় নিশ্চিত করেছেন। সোমবার দ্য স্ট্রেইট টাইমস এ প্রতিবেদনে বলা হয়েছে, ১৪ ও ১৫ মে দুই নেতা বেইজিংয়ে বসবেন, যেখানে বাণিজ্য ও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের দ্বন্দ্বের প্রভাব নিয়ে তীব্র আলোচনা হবে। ইরান বর্তমানে চীনের বৃহত্তম তেল ক্রেতা এবং চীনের অন্যতম কূটনৈতিক সহায়ক।
চীনে সফরের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ১৩ মে সিউলে তাঁর চীনা সমকক্ষ হে লিফেং এর সঙ্গে শেষ মুহূর্তের আলোচনায় মিলিত হবেন। একটি নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের রাজস্ব ও অস্ত্র রপ্তানি সংক্রান্ত বিষয় শীর্ষ সম্মেলনে আলোচনায় থাকবে।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন উত্তেজনা দেখা দিয়েছে। দুই দেশই সম্পর্ক স্থিতিশীল রাখার চেষ্টা করছে এবং বাণিজ্য যুদ্ধবিরতির দিকে মনোযোগ দিচ্ছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই চীনের বিভিন্ন কোম্পানির ওপর ইরানকে তেল সরবরাহ বা স্যাটেলাইট চিত্র সরবরাহে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের ওপরও চাপ বাড়ছে, কারণ যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, দুই নেতা ‘চীন-মার্কিন সম্পর্ক এবং বিশ্ব শান্তি ও উন্নয়নের গুরুত্বপূর্ণ বিষয়’ নিয়ে মতবিনিময় করবেন। তিনি আরও বলেন, চীন সমতা, সম্মান ও পারস্পরিক সুবিধার নীতি বজায় রেখে, সহযোগিতা প্রসারিত করতে, মতপার্থক্য সামাল দিতে এবং বদলাচ্ছে এমন বিশ্বে স্থিতিশীলতা ও নিশ্চয়তা আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।
দুই দেশের সহযোগিতার একটি প্রমাণ হিসেবে চীন জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে একটি আন্তঃসীমান্ত মাদক পাচার নেটওয়ার্ক ভেঙে দিয়েছে, যেখানে গত এপ্রিল মাসে পাঁচজন সন্দেহভাজনকে আটক করা হয়েছিল।
তাইওয়ানও আলোচ্যসূচিতে থাকবে। তবে মার্কিন নীতিতে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। বেইজিং তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিষয়ে সতর্ক করেছে এবং ট্রাম্প প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে বলেছে, তারা তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করে।
এছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ এবং চীনের সঙ্গে যোগাযোগের নতুন সম্ভাব্য মাধ্যমও আলোচনায় থাকবে। ২০২৩ ও ২০২৪ সালের বৈঠকে শি ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এআই নিয়ে আলোচনা করেছেন। আলোচনায় উভয় দেশই পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের দায়িত্ব এআই প্রোগ্রামের হাতে দেবেন না—এই অঙ্গীকারও অন্তর্ভুক্ত ছিল।

