ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কোনো সমাধান ছাড়াই তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনের পথে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এয়ার ফোর্স ওয়ানে করে তিনি বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করেন। এএফপি জানিয়েছে, প্রায় এক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের এটিই প্রথম চীন সফর।
বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তার মধ্যে ট্রাম্পের এই সফর শুধু ওয়াশিংটন ও বেইজিংয়ের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয় নয়। বরং এর প্রভাব পড়তে পারে জ্বালানি বাজার, বৈশ্বিক বাণিজ্য, ইরান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোর ওপরও।
বৃহস্পতিবার ও শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা। আলোচনার প্রধান বিষয় হিসেবে বাণিজ্য সামনে থাকলেও তাইওয়ান, ইরান ও মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাও আলোচনার বাইরে থাকবে না বলে ধারণা করা হচ্ছে।
চীনের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে চীনের সাহায্যের প্রয়োজন নেই। তবে শি জিনপিংয়ের সঙ্গে তিনি এ বিষয়ে দীর্ঘ আলোচনা করবেন বলেও জানান। এই বক্তব্য একদিকে আত্মবিশ্বাসী মনে হলেও অন্যদিকে এতে স্পষ্ট, ইরান ইস্যু পুরোপুরি পাশ কাটিয়ে যাওয়া ট্রাম্পের পক্ষেও সম্ভব নয়।
চীন ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। ইরানের তেলের বড় অংশ চীনের বাজারে যায়। একই সঙ্গে কূটনৈতিকভাবে তেহরানের পাশে থাকার ক্ষেত্রেও বেইজিং দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ফলে ইরান সংকটে চীন চাইলে প্রভাব খাটাতে পারে—এমন ধারণা আন্তর্জাতিক মহলে প্রবল।
তবে ট্রাম্প এ বিষয়ে ভিন্ন সুরে কথা বলেছেন। তাঁর দাবি, প্রায় আড়াই মাস আগে শুরু হওয়া সংঘাত থামাতে শি জিনপিংয়ের সরাসরি সাহায্য প্রয়োজন বলে তিনি মনে করেন না। ট্রাম্প বলেন, তাঁদের আলোচনায় অনেক বিষয় থাকবে, তবে ইরান তাঁর কাছে প্রধান বিষয় নয়; কারণ তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্র ইরানকে “নিয়ন্ত্রণে” রেখেছে।
এরপর তিনি আরও কঠোর সুরে বলেন, হয় একটি চুক্তি হবে, নয়তো ইরান সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। এই বক্তব্য মধ্যপ্রাচ্যের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। কারণ এমন ভাষা কূটনৈতিক সমাধানের চেয়ে সামরিক চাপ ও শক্তির রাজনীতির ইঙ্গিত বেশি দেয়।
অন্যদিকে চীন ইরানকে অস্ত্র সহায়তা দিচ্ছে এবং নিষেধাজ্ঞার আওতায় থাকা তেল কিনছে—এমন প্রতিবেদন থাকা সত্ত্বেও ট্রাম্প শি জিনপিং সম্পর্কে তুলনামূলক নরম অবস্থান নিয়েছেন। তিনি বলেন, শি জিনপিং “তুলনামূলকভাবে ভালো আচরণ করেছেন”। ট্রাম্প আরও বলেন, চীন ওই অঞ্চল থেকেই অনেক তেল পায়, এ নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো সমস্যা হয়নি। শি জিনপিংকে তিনি বন্ধু হিসেবেও উল্লেখ করেন।
এই বক্তব্যগুলো মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আরও সতর্ক করে তুলেছে। কারণ তাদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র ও চীন নিজেদের অর্থনৈতিক স্বার্থে কোনো সমঝোতায় পৌঁছালে আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ উপেক্ষিত হতে পারে।
মধ্যপ্রাচ্যের ভয় কোথায়
ট্রাম্প–শি বৈঠককে অনেক বিশ্লেষক লেনদেনভিত্তিক আলোচনা হিসেবে দেখছেন। অর্থাৎ, দুই পরাশক্তি নিজেদের সুবিধা-অসুবিধা হিসাব করে কোনো সমঝোতায় যেতে পারে। সমস্যা হলো, সেই সমঝোতার চাপ গিয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যের ওপর।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সবচেয়ে বড় উদ্বেগ হরমুজ প্রণালি। পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ থাকার কারণে বহু দেশের অসংখ্য জাহাজ আটকে আছে। দুই মাস ধরে চলা এই অচলাবস্থা শুধু জাহাজ চলাচল নয়, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যের ওপরও চাপ তৈরি করছে।
হরমুজ প্রণালি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও ইরাকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব দেশের বিপুল পরিমাণ তেল ও গ্যাস রপ্তানি এই পথের ওপর নির্ভরশীল। ফলে প্রণালিটি দীর্ঘ সময় বন্ধ থাকলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বের বিভিন্ন অঞ্চলের জ্বালানি নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।
চীনের ক্ষেত্রেও বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। ইরানের তেলের প্রায় ৮০ শতাংশের ক্রেতা চীন। পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলো চীনের বড় বাণিজ্য অংশীদারদের মধ্যে রয়েছে। তাই হরমুজ প্রণালিতে অস্থিরতা মানে চীনের জ্বালানি সরবরাহ, পণ্য পরিবহন ও বীমা ব্যবস্থায় বাড়তি চাপ।
এই বাস্তবতায় ট্রাম্প এবং শি—দুজনেরই হরমুজ প্রণালি খোলা রাখার স্বার্থ রয়েছে। ট্রাম্প বৈশ্বিক চাপের মুখে আছেন, আর চীন তার অর্থনীতি সচল রাখতে স্থিতিশীল জ্বালানি প্রবাহ চায়। কিন্তু প্রশ্ন হলো, এই দুই নেতা কি সত্যিই যুদ্ধ থামানোর পথে এগোবেন, নাকি নিজেদের কৌশলগত সুবিধা আদায়ের জন্য সংকটকে ব্যবহার করবেন?
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসির চীনবিষয়ক কর্মসূচির জ্যেষ্ঠ পরিচালক ক্রেইগ সিঙ্গেলটনের মতে, ইরান যুদ্ধ এই বৈঠককে আরও জটিল করে তুলেছে। তাঁর বিশ্লেষণ অনুযায়ী, বেইজিং স্বল্পমেয়াদী ধাক্কা সামলাতে অনেক দেশের তুলনায় ভালো অবস্থানে থাকতে পারে। কিন্তু চীনও চায় হরমুজ প্রণালি খুলে যাক এবং জাহাজ চলাচল স্বাভাবিক হোক। কারণ চীনের রপ্তানিনির্ভর অর্থনীতি স্থিতিশীল জ্বালানি, পরিবহন ও বীমা ব্যবস্থার ওপর নির্ভর করে।
অর্থাৎ, চীন বাইরে থেকে শান্ত ও হিসাবি অবস্থান নিলেও সংকট দীর্ঘ হলে তার অর্থনৈতিক ক্ষতি বাড়বে। তাই বেইজিংয়েরও এই সংকট নিয়ে ভাবার যথেষ্ট কারণ আছে।
ইরানের ওপর চীনের প্রভাব কতটা
মধ্যপ্রাচ্যের অনেক দেশ মনে করছে, ইরানের ওপর বাস্তব প্রভাব খাটানোর মতো শক্তি চীনের আছে। অর্থনৈতিক সম্পর্ক, তেল বাণিজ্য এবং কূটনৈতিক যোগাযোগ—সব মিলিয়ে তেহরানের কাছে বেইজিং গুরুত্বপূর্ণ অংশীদার।
এই অবস্থায় চীন চাইলে ইরানকে যুদ্ধ বন্ধ করতে বা অন্তত হরমুজ প্রণালি খুলে দিতে চাপ দিতে পারে। কিন্তু সমস্যা হলো, চীন সেই চাপ প্রয়োগ করবে কি না—এ নিয়ে সন্দেহ রয়েছে।
কারণ এর আগে হরমুজ প্রণালি চালুর বিষয়ে যুক্তরাষ্ট্রের আহ্বানে চীন সাড়া দেয়নি। বেইজিং সরাসরি যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নিতে চায় না। বরং সে এমনভাবে চলতে চায় যাতে একদিকে ইরানের সঙ্গে সম্পর্ক বজায় থাকে, অন্যদিকে নিজেকে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবেও তুলে ধরা যায়।
সম্প্রতি হরমুজ প্রণালিতে চীনা মালিকানাধীন একটি তেলবাহী জাহাজে আগুন দেয় ইরান। এই ঘটনা চীন–ইরান সম্পর্কে কিছুটা অস্বস্তি তৈরি করেছে বলে বিশ্লেষকদের ধারণা। তবে সম্পর্কের টানাপোড়েন থাকলেও চীন ইরানকে পুরোপুরি দূরে ঠেলে দিতে চাইবে না।
ট্রাম্পের চীন সফরের আগেই গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে বেইজিং আমন্ত্রণ জানায়। এই পদক্ষেপকে অনেকেই গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন। এর মাধ্যমে চীন বোঝাতে চাইছে, ট্রাম্পের সঙ্গে আলোচনার আগে সে ইরানের অবস্থান বুঝে নিতে চায় এবং একই সঙ্গে নিজেকে সংঘাত নিরসনের সম্ভাব্য কেন্দ্রীয় শক্তি হিসেবে তুলে ধরতে আগ্রহী।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের চায়না পাওয়ার প্রজেক্টের পরিচালক বনি লিনের মতে, ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে চীনের ইরানের সঙ্গে আলোচনা করা বেশ তাৎপর্যপূর্ণ। তাঁর মতে, এতে একদিকে বোঝা যায় চীন ইরানকে সমর্থনের বার্তা দিচ্ছে, অন্যদিকে বেইজিং নিজেকে আলোচনার শক্তিশালী অবস্থানে রাখছে। কারণ এতে তারা বুঝতে পারছে ইরান কী চায় এবং কোন বিষয়ে ছাড় দিতে রাজি নয়।
ইরানের দিক থেকেও চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করা জরুরি। যুদ্ধের চাপ, নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক সংকটের মধ্যে টিকে থাকতে তেহরানের জন্য বেইজিং একটি গুরুত্বপূর্ণ ভরসা।
চীনের হিসাবি কৌশল
চীন এই সংকটে সরাসরি জড়িয়ে পড়তে চাইছে না। দেশটি এমন একটি পথ অনুসরণ করছে, যেখানে অতিরিক্ত ঝুঁকি না নিয়ে প্রভাব বজায় রাখা যায়। একদিকে ইরানের সঙ্গে সম্পর্ক ধরে রাখা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দরজা খোলা রাখা—এই দুই দিকই বেইজিং সামলাতে চাইছে।
বিশ্লেষকদের মতে, চীন যুক্তরাষ্ট্রের তৈরি সমস্যা সমাধানে সরাসরি ঝাঁপিয়ে পড়তে আগ্রহী নয়। বরং বেইজিং হয়তো চাইছে, ইরান সংকটে যুক্তরাষ্ট্র আরও কিছু সময় ব্যস্ত থাকুক। এতে ওয়াশিংটনের মনোযোগ ও সামরিক সম্পদ মধ্যপ্রাচ্যে আটকে থাকবে, যা চীনের বৃহত্তর কৌশলগত হিসাবের সঙ্গে মিলে যেতে পারে।
এই জায়গাতেই উপসাগরীয় দেশগুলোর উদ্বেগ সবচেয়ে বেশি। তারা দেখতে চাইছে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে আগের মতো সক্রিয় থাকবে কি না। সাম্প্রতিক সময়ে মার্কিন নৌবাহিনী প্রণালিটি সচল রাখতে নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলো বুঝতে চেষ্টা করছে, ওয়াশিংটন কি এখনো তাদের নিরাপত্তার প্রধান ভরসা, নাকি যুক্তরাষ্ট্র নিজের বৈশ্বিক অগ্রাধিকার বদলে ফেলছে।
সিএনএনের বিশ্লেষণে এমন আশঙ্কাও উঠে এসেছে যে ট্রাম্প হয়তো চীনের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা আদায়ের বিনিময়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি সামরিক পরিকল্পনায় পরিবর্তন আনতে পারেন। যদিও এমন কিছু নিশ্চিত নয়, তবু মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য এই সম্ভাবনাই যথেষ্ট উদ্বেগজনক।
কারণ তাদের নিরাপত্তা কাঠামো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি, নৌপথের নিরাপত্তা এবং আঞ্চলিক ভারসাম্যের ওপর নির্ভরশীল। যদি ওয়াশিংটন হঠাৎ কৌশল বদলায়, তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও ইরাকের মতো দেশগুলোকে নতুন করে নিরাপত্তা হিসাব কষতে হবে।
হরমুজ প্রণালি: শুধু জলপথ নয়, ক্ষমতার পরীক্ষা
হরমুজ প্রণালি এখন কেবল একটি জলপথের সংকট নয়। এটি হয়ে উঠেছে বৈশ্বিক ক্ষমতার পরীক্ষাক্ষেত্র। এখানে ইরান চাপ সৃষ্টি করছে, যুক্তরাষ্ট্র সামরিক ও কূটনৈতিক অবস্থান ধরে রাখতে চাইছে, আর চীন হিসাব করছে কীভাবে নিজের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করে রাজনৈতিক প্রভাব বাড়ানো যায়।
ইরান হরমুজ প্রণালিতে যৌথ নৌ টহলের প্রস্তাব দিয়েছে, যেখানে চীনা মুদ্রা ইউয়ান ব্যবহারের কথাও এসেছে। বিষয়টি শুধু নিরাপত্তার নয়; এটি যুক্তরাষ্ট্রনির্ভর আর্থিক ও নিরাপত্তা কাঠামোর বিকল্প ইঙ্গিতও বহন করে। যদি এমন কোনো ব্যবস্থা শক্তিশালী হয়, তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাবের ওপর দীর্ঘমেয়াদী প্রশ্ন তৈরি হতে পারে।
এই কারণেই ট্রাম্প–শি বৈঠক মধ্যপ্রাচ্যের জন্য এত গুরুত্বপূর্ণ। বৈঠকে বাণিজ্য আলোচনাই প্রধান হলেও ইরান, হরমুজ, জ্বালানি ও নিরাপত্তা—এসব বিষয় পরোক্ষভাবে আলোচনার কেন্দ্রেই থাকবে।
শেষ পর্যন্ত কী হতে পারে
ট্রাম্পের চীন সফর থেকে দুটি সম্ভাবনা সামনে আসতে পারে। প্রথমত, যুক্তরাষ্ট্র ও চীন ইরান সংকট কমাতে কোনো কূটনৈতিক পথ বের করার চেষ্টা করতে পারে। এতে হরমুজ প্রণালি খুলে দেওয়া, জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং যুদ্ধ থামানোর বিষয়ে চাপ তৈরি হতে পারে।
দ্বিতীয়ত, বৈঠকে কোনো বড় অগ্রগতি না হলে স্পষ্ট হয়ে যাবে যে চীন যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের সংকটে দীর্ঘ সময় আটকে থাকতে দিতে আপত্তি করছে না। এমন পরিস্থিতিতে ইরান যুদ্ধ আরও দীর্ঘ হতে পারে এবং উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা অনিশ্চয়তা বাড়তে পারে।
বনি লিনের বিশ্লেষণ অনুযায়ী, ট্রাম্পের সফরে অর্থনৈতিক অগ্রাধিকার যেমন আছে, তেমনি ইরান ইস্যুও আছে, আবার তাইওয়ান প্রশ্নও গুরুত্বপূর্ণ। কিন্তু এসব বিষয় সহজে একটির বিনিময়ে আরেকটি আদান-প্রদান করার মতো নয়। অর্থাৎ, ট্রাম্প ও শি চাইলে সব বিষয়কে একটি বড় চুক্তির ভেতর বেঁধে ফেলতে পারবেন—এমন ভাবা সহজ হলেও বাস্তবে তা অনেক কঠিন।
সব মিলিয়ে ট্রাম্প–শি বৈঠক মধ্যপ্রাচ্যের জন্য এক ধরনের সতর্ক মুহূর্ত। এই বৈঠক হয়তো ইরান যুদ্ধের কূটনৈতিক সমাধানের পথ খুলে দিতে পারে, আবার এটিও প্রমাণ করতে পারে যে বৈশ্বিক শক্তির লড়াইয়ে মধ্যপ্রাচ্য এখনো বড় শক্তিগুলোর দর-কষাকষির কেন্দ্রবিন্দু।

