রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব শিগগিরই চীন সফরে যাচ্ছেন। ক্রেমলিন জানিয়েছে, সফরের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে সফরের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।
আজ বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য নিশ্চিত করেছেন। রুশ সংবাদমাধ্যমগুলোর ধারণা, আগামী সপ্তাহেই গুরুত্বপূর্ণ এই সফর অনুষ্ঠিত হতে পারে।
এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে সর্বশেষ বেইজিং সফর করেন পুতিন। ওই সফরে তিনি চীনের সামরিক কুচকাওয়াজে অংশ নেওয়ার পাশাপাশি একটি উচ্চপর্যায়ের সম্মেলনেও যোগ দেন।
এদিকে একই সময়ে চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবে এই সফরকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
বুধবার ওয়াশিংটন থেকে যাত্রা শেষে ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রায় এক দশকের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের এটিই প্রথম চীন সফর।
আজ অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরান সংকট, বাণিজ্য বিরোধ এবং তাইওয়ান পরিস্থিতিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে।
মূলত গত মার্চেই এই সফরের পরিকল্পনা ছিল। তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সফরটি পিছিয়ে দেওয়া হয়। শুক্রবার শি জিনপিংয়ের সঙ্গে চা-চক্র ও মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার পর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে ট্রাম্পের।

