রাশিয়ায় রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, এই হামলায় অন্তত ৫০০-র বেশি ড্রোন ব্যবহার করা হয়েছে এবং বিভিন্ন অঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী মস্কোসহ এক ডজনেরও বেশি অঞ্চলে মোট ৫৫৬টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তারা দাবি করেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় হয়ে বড় ধরনের ক্ষতি ঠেকাতে সক্ষম হয়েছে।
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিওভ জানিয়েছেন, একটি আবাসিক ভবনে ড্রোন আঘাত হানলে এক নারী নিহত হন। আরও একজন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। একইসঙ্গে তিনি জানান, পুরো রাতজুড়ে চলা হামলায় আরও দুইজন প্রাণ হারিয়েছেন এবং চারজন আহত হয়েছেন।
তিনি বলেন, রাত তিনটা থেকে রাজধানী ও আশপাশের এলাকায় বড় আকারের ড্রোন হামলা প্রতিহত করতে প্রতিরক্ষা বাহিনী কাজ করছে। বেশ কিছু অবকাঠামোও লক্ষ্যবস্তু হয়েছে।
অন্যদিকে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাজধানীতে অন্তত ৭৪টি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং গত ২৪ ঘণ্টায় মোট ১২০টি ড্রোন ধ্বংস করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে কিছু স্থানে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে।
এই হামলার কয়েক দিন আগে কিয়েভে রাশিয়ার হামলায় ২৪ জন নিহত হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বড় ধরনের প্রতিশোধের ঘোষণা দিয়েছিলেন। সেই প্রেক্ষাপটে এই ড্রোন হামলাকে নতুন করে উত্তেজনার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সাম্প্রতিক সময়ে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর থেকে দুই পক্ষই একে অপরের ভূখণ্ডে হামলা বাড়িয়েছে।
ইউক্রেন দাবি করেছে, তারা মূলত সামরিক ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। তবে রাশিয়ার অভিযোগ, এসব হামলায় সাধারণ অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

