বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস আগামী ১৮ মে (সোমবার) থেকে শুরু হবে। সে অনুযায়ী, আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
রোববার (১৭ মে) সন্ধ্যায় রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত চাঁদ দেখা কমিটির বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দেশটির ধর্মমন্ত্রী নাসারুদ্দিন উমরসহ সংশ্লিষ্ট ধর্মীয় ও জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞরা।
ধর্মমন্ত্রী জানান, চাঁদের হিসাব ও সরাসরি পর্যবেক্ষণ প্রতিবেদনের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ১ জিলহজ হবে ১৮ মে। ফলে ১০ জিলহজ বা পবিত্র ঈদুল আজহা পালিত হবে ২৭ মে।
দেশটির বার্তা সংস্থা আনতারা জানিয়েছে, ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলের মোট ৮৮টি স্থানে নতুন চাঁদ পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। সেই তথ্য বিশ্লেষণ করেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় সরকার।
প্রতি বছরই সৌদি আরবসহ বিভিন্ন মুসলিম দেশের সঙ্গে মিল রেখে বা কখনো একদিন আগে-পরে ইন্দোনেশিয়ায় ঈদ উদযাপিত হয়। কারণ দেশভেদে চাঁদ দেখার পদ্ধতি ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের মধ্যে কিছু পার্থক্য থাকে। তবে ইন্দোনেশিয়ায় সরকারিভাবে ধর্ম মন্ত্রণালয়ের ঘোষণাকেই চূড়ান্ত হিসেবে ধরা হয়।
বিশ্বজুড়ে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহাকে সামনে রেখে ইতোমধ্যে দেশটিতে প্রস্তুতিও শুরু হয়েছে। কোরবানি, পারিবারিক আয়োজন ও ধর্মীয় অনুষ্ঠান ঘিরে জমে উঠছে উৎসবের আমেজ।

