যুক্তরাষ্ট্র-এর একটি বিমান প্রদর্শনীতে মাঝ আকাশে দুটি যুদ্ধবিমানের সংঘর্ষের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনার পরও বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। বিমানে থাকা চারজন ক্রু সদস্যই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় জড়িত ছিল দুটি ইএ-১৮জি গ্রাউলার যুদ্ধবিমান। বিমান দুটি আকাশে কসরত প্রদর্শনের সময় একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ঠিক আগমুহূর্তে ক্রুরা জরুরি ব্যবস্থায় বিমান থেকে বেরিয়ে যেতে সক্ষম হন।
ঘटनাটি ঘটে স্থানীয় সময় রোববার (১৭ মে) আইডাহো অঙ্গরাজ্যের মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসের কাছে অনুষ্ঠিত ‘গানফাইটার স্কাইজ’ এয়ার শোতে। এটি ছিল প্রদর্শনীর দ্বিতীয় ও শেষ দিন।
সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে আগুন ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে পুরো বিমানঘাঁটি লকডাউন করা হয়। পরে এয়ার শোর বাকি সব আয়োজন বাতিল ঘোষণা করা হয়।
মার্কিন নৌবাহিনীর এক মুখপাত্র ব্রিটিশ সংবাদমাধ্যমকে জানান, চার ক্রু সদস্য বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন। তাদের স্বাস্থ্য পরীক্ষা চলছে। তবে তারা কতটা আহত হয়েছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।
মাউন্টেন হোম এয়ার ফোর্স বেস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দ্রুত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। দর্শনার্থীদের সহযোগিতার জন্যও ধন্যবাদ জানিয়েছে তারা।
বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধবিমান নিয়ে এ ধরনের আকাশ প্রদর্শনী অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। বিশেষ করে উচ্চগতির কসরতের সময় সামান্য ভুলও বড় দুর্ঘটনার কারণ হতে পারে।
দুর্ঘটনায় জড়িত ইএ-১৮জি গ্রাউলার যুদ্ধবিমান দুটি মার্কিন নৌবাহিনীর ইলেকট্রনিক আক্রমণ স্কোয়াড্রনের অংশ ছিল। প্রতিটি বিমানের আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি ৭০ লাখ ডলার বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।
উল্লেখ্য, ‘গানফাইটার স্কাইজ’ এয়ার শো সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত হয়েছিল। সে সময়ও একটি দুর্ঘটনায় একজন গ্লাইডার পাইলট নিহত হয়েছিলেন। এবার নতুন এই দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রে সামরিক বিমান প্রদর্শনীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

