ভারতের পশ্চিমবঙ্গ-এ ধর্মভিত্তিক সরকারি অনুদান ও সহায়তা কর্মসূচি ধাপে ধাপে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নতুন রাজ্য সরকার। এর ফলে আগের সরকারের সময়ে চালু হওয়া ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতা কর্মসূচিও আগামী মাস থেকে বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন।
সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে নারী ও শিশুকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে পরিচালিত বিভিন্ন অনুদানমূলক প্রকল্প আর চালু রাখা হবে না। চলতি মাস পর্যন্ত সুবিধাভোগীরা ভাতা পেলেও জুন থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর হতে পারে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে পরিচালিত বেশ কয়েকটি প্রকল্প এই সিদ্ধান্তের আওতায় পড়ছে। আগে এসব প্রকল্পের মাধ্যমে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক সম্মানী দেওয়া হতো। প্রথমদিকে এই ভাতার পরিমাণ ছিল ১ হাজার ৫০০ রুপি, পরে তা বাড়িয়ে ২ হাজার রুপি করা হয়।
সম্প্রতি দায়িত্ব নেওয়া বিজেপি নেতৃত্বাধীন সরকারের এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করেছে। চলতি মাসেই শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে। সরকার গঠনের পর থেকেই প্রশাসনিক ও নীতিগত বেশ কিছু বড় পরিবর্তনের ঘোষণা আসছে।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয়, বরং সর্বজনীন নীতির আওতায় সরকারি সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে। তবে বিরোধী রাজনৈতিক মহল এবং বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে এ সিদ্ধান্ত নিয়ে আলোচনা ও প্রতিক্রিয়া শুরু হয়েছে।
বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে ধর্মভিত্তিক ভাতা ও অনুদান রাজনৈতিক বিতর্কের বিষয় ছিল। নতুন সরকারের এই পদক্ষেপ একদিকে প্রশাসনিক নীতির পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে রাজ্যের রাজনৈতিক মেরুকরণ আরও বাড়াতে পারে বলেও মনে করা হচ্ছে।

