মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। টানা দুই দিন দরপতনের পর বৃহস্পতিবার নতুন করে ঊর্ধ্বমুখী হয়েছে তেলের বাজার।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ৫৫ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮১ সেন্ট বা শূন্য দশমিক ৭৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৫ দশমিক ৮৩ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই তেলের দাম ৯৭ সেন্ট বা শূন্য দশমিক ৯৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ২৩ ডলারে লেনদেন হয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা থাকলেও কোনো চূড়ান্ত সমাধান সামনে না আসায় বিশ্ববাজারে অনিশ্চয়তা রয়ে গেছে। আর এই অনিশ্চয়তার সরাসরি প্রভাব পড়ছে জ্বালানি বাজারে।
বিশেষ করে তেল উৎপাদন ও সরবরাহে গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্য অঞ্চলকে ঘিরে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ছে। কারণ, সংঘাত দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়ার খবরও বাজারে চাপ বাড়িয়েছে।
এদিকে ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত তেহরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের প্রশ্নই আসে না।
হোয়াইট হাউসের এই বার্তা বাজারে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। কারণ, অনেক বিনিয়োগকারী আশা করেছিলেন—চলমান আলোচনা থেকে দ্রুত কোনো সমঝোতা হতে পারে, যা তেলের বাজারকে কিছুটা স্থিতিশীল করবে। কিন্তু ট্রাম্পের বক্তব্যে সেই সম্ভাবনা আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে।
ট্রাম্প আরও বলেছেন, তিনি কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে চান না। প্রয়োজনে আরও কয়েক দিন বা তারও বেশি সময় অপেক্ষা করতে প্রস্তুত আছেন তিনি। ফলে আন্তর্জাতিক বাজারে এখন মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—ইরান সংকট কোন দিকে যাচ্ছে এবং এর প্রভাব বৈশ্বিক জ্বালানি সরবরাহে কতটা গভীর হতে পারে।
বিশ্ববাজারে তেলের দাম বাড়তে থাকলে এর প্রভাব উন্নয়নশীল দেশগুলোর ওপর আরও বেশি পড়তে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। কারণ, জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোতে এতে পরিবহন ব্যয়, বিদ্যুৎ উৎপাদন খরচ এবং সামগ্রিক মূল্যস্ফীতির চাপ আরও বেড়ে যেতে পারে।

