বাংলাদেশ-ভারত সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। সীমান্তে নতুন কাঁটাতারের বেড়া নির্মাণ ও সীমান্ত চৌকি স্থাপনের জন্য প্রথম দফায় ২৭ কিলোমিটার জমি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ–এর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
বুধবার পশ্চিমবঙ্গের প্রশাসনিক সদর দপ্তর নবান্নে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই প্রক্রিয়া শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রিসভা বৈঠকের মাত্র ১০ দিনের মধ্যেই জমি হস্তান্তরের কাজ শুরু হওয়ায় বিষয়টিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সরকারি তথ্য অনুযায়ী, সীমান্ত এলাকায় বর্ডার আউটপোস্ট বা বিওপি নির্মাণ এবং কাঁটাতারের বেড়া সম্প্রসারণের জন্য মোট ২৭ কিলোমিটার জমি হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৯ জেলার প্রায় ৩২ একর সরকারি খাসজমি রয়েছে। পাশাপাশি পাঁচ জেলায় ৪৩ একর ব্যক্তিগত জমিও অধিগ্রহণ করা হয়েছে। জমির পুরো মূল্য পরিশোধ করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, দীর্ঘ সময় পর রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং বিএসএফ একসঙ্গে সীমান্ত নিরাপত্তা নিয়ে সমন্বিতভাবে কাজ করছে। তিনি দাবি করেন, বাংলাদেশের সঙ্গে ভারতের মোট সীমান্ত প্রায় চার হাজার কিলোমিটার, যার মধ্যে পশ্চিমবঙ্গ অংশেই রয়েছে প্রায় ২ হাজার ২০০ কিলোমিটার সীমান্ত।
তার ভাষ্য অনুযায়ী, এই দীর্ঘ সীমান্তের মধ্যে প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটারে ইতোমধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ হয়েছে। তবে এখনো প্রায় ৬০০ কিলোমিটার এলাকায় কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। নতুন এই জমি হস্তান্তরের মাধ্যমে সেই বাকি অংশে দ্রুত কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।
তবে এই বৈঠকে বাংলাদেশ ও সীমান্তবর্তী জনগোষ্ঠী নিয়ে দেওয়া শুভেন্দু অধিকারীর কিছু বক্তব্য নতুন বিতর্কেরও জন্ম দিয়েছে। তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বড় একটি অংশ বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী।
এ সময় তিনি নতুন একটি নীতির কথাও ঘোষণা করেন, যার নাম দেওয়া হয়েছে “থ্রিডি ব্যবস্থা”—ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। অর্থাৎ সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের শনাক্ত করা, তালিকা থেকে বাদ দেওয়া এবং পরে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
শুভেন্দু আরও বলেন, যেসব ব্যক্তি ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএর আওতায় পড়বেন না, তাদের অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করা হবে। রাজ্য পুলিশ তাদের আটক করে বিএসএফের হাতে তুলে দেবে এবং পরে বিএসএফ সীমান্ত সমন্বয়ের মাধ্যমে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ এবং নাগরিকত্ব ইস্যু পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই অত্যন্ত স্পর্শকাতর বিষয়। নতুন সরকারের এই পদক্ষেপ সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি রাজনৈতিক বার্তাও বহন করছে বলে মনে করা হচ্ছে।

