ভারতের উত্তর প্রদেশের লখনৌয়ে একটি বেসরকারি হাসপাতালের অপারেশন থিয়েটারের ভেতরে নারী রোগীকে ধর্ষণের অভিযোগে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেও তদন্ত চলছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, লখনৌয়ের ইন্দৌরাবাগ এলাকায় অবস্থিত তেজস হাসপাতালের এক নারী রোগী চিকিৎসাধীন অবস্থায় যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় গত বৃহস্পতিবার বকশি কা তালাব থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে গিয়ে তদন্ত শুরু করে। পরে ভুক্তভোগী পরিবারের বক্তব্য ও প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তার হওয়া অভিযুক্তের নাম বিজয় কুমার গিরি। তিনি উত্তর প্রদেশের সীতাপুর জেলার তাম্বাউর থানার রাজনাপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তিনি ওই হাসপাতালেই অবস্থান করছিলেন।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভুক্তভোগী নারী গত ১৯ মে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। অভিযোগ অনুযায়ী, ২১ মে চিকিৎসা চলাকালে অপারেশন থিয়েটারের ভেতরে তার ওপর যৌন নির্যাতনের ঘটনা ঘটে।
পুলিশ বলছে, তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। অভিযোগে উল্লেখ থাকা পোশাকও জব্দ করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তের বক্তব্য রেকর্ড করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অপরাধের কথা স্বীকার করেছেন বলেও জানিয়েছে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এ ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ও চিকিৎসা সেবার পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।

