দক্ষিণ আফ্রিকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান বিক্ষোভের মধ্যে অভিবাসীবিদ্বেষী হামলায় অন্তত পাঁচজন মোজাম্বিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও শত শত মানুষ নিরাপত্তাহীনতার মুখে পড়েছেন।
মোজাম্বিক সরকার জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর মোসেল বেতে সংঘটিত সহিংসতায় মোট সাতজন মোজাম্বিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এর মধ্যে পাঁচজন সরাসরি হামলার শিকার হয়ে নিহত হয়েছেন। বাকি দুজন সহিংসতা থেকে পালিয়ে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান।
সহিংসতার কারণে প্রায় ৮০০ মোজাম্বিক নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে ৩০০ জন নিজ উদ্যোগে দেশে ফিরে গেছেন। আরও ৫০০ জনের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে এবং তাদের ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্থানীয় মেয়র বলেছেন, নিরপরাধ মানুষ হত্যা, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া এবং পরিবারগুলোকে বাস্তুচ্যুত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন এলাকায় অভিবাসীবিরোধী বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। দেশটিতে এর আগেও ২০০৮, ২০১৫ ও ২০২১ সালে একই ধরনের অভিবাসীবিদ্বেষী হামলার ঘটনা ঘটেছিল।

