মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা উত্তেজনার মধ্যে কুয়েতের কাছে প্রায় ২ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই চুক্তির আওতায় কুয়েত আধুনিক ড্রোন প্রতিরোধী প্রযুক্তি (কাউন্টার-ড্রোন সিস্টেম) সংগ্রহ করতে পারবে।
শুক্রবার (৫ জুন) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজ এই প্রযুক্তি সরবরাহ করবে। ওয়াশিংটনের মতে, চুক্তিটি কুয়েতের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করবে এবং আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও বলেছে, কুয়েত মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। তাই দেশটির নিরাপত্তা জোরদার করা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কৌশলের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
এদিকে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালির দিকে ছোড়া কয়েকটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং ইরানের কিছু রাডার স্থাপনায় হামলা চালানো হয়েছে। এর জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী, ইরান সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সাম্প্রতিক এই ঘটনাপ্রবাহ মধ্যপ্রাচ্যে নিরাপত্তা উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে এবং যুক্তরাষ্ট্রের নতুন অস্ত্র বিক্রি চুক্তিকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

