চলতি বছরের অন্যতম আলোচিত মহাজাগতিক ঘটনা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে প্রস্তুতি নিচ্ছেন বিশ্বের আকাশপ্রেমীরা। আগামী ১২ আগস্ট সংঘটিত হতে যাওয়া এই বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাটি ইউরোপের কয়েকটি অঞ্চলে স্পষ্টভাবে দৃশ্যমান হবে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
এক বিবৃতিতে ইউরোপীয় মহাকাশ সংস্থার বিজ্ঞান পরিচালক ক্যারোল মুন্ডেল বলেন, পূর্ণ সূর্যগ্রহণ এমন একটি বিরল মুহূর্ত, যখন বিশ্বের কোটি কোটি মানুষ একসঙ্গে আকাশের দিকে তাকিয়ে বিস্ময় ও কৌতূহলের অনুভূতি ভাগাভাগি করতে পারেন।
কোথায় দেখা যাবে এই সূর্যগ্রহণ?
১২ আগস্ট চাঁদ সরাসরি সূর্য ও পৃথিবীর মাঝখানে অবস্থান নেবে। এর ফলে পৃথিবীর পৃষ্ঠে একটি সরু গ্রহণপথ তৈরি হবে। এই পথের মধ্যে থাকা কিছু অঞ্চল থেকে সূর্যকে সম্পূর্ণরূপে আড়াল হতে দেখা যাবে।
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে মূলত—
- পূর্ব গ্রিনল্যান্ডের কিছু এলাকা
- আইসল্যান্ডের পশ্চিমাঞ্চল
- স্পেনের উত্তরাঞ্চল
- পর্তুগালের উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকা
অন্যান্য অঞ্চলে কী দেখা যাবে?
নাসার তথ্য অনুযায়ী, ইউরোপের অধিকাংশ এলাকা, উত্তর আমেরিকার উত্তরাংশ এবং আফ্রিকার উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। এসব অঞ্চলে সূর্যের একটি অংশ চাঁদের আড়ালে চলে গেলেও পুরোপুরি ঢাকা পড়বে না। তবে বাংলাদেশ, ভারত এবং এ অঞ্চলের অন্যান্য দেশ থেকে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না।
কতক্ষণ স্থায়ী হবে?
স্থানভেদে গ্রহণের স্থায়িত্ব ভিন্ন হবে। পূর্ণ গ্রহণপথের অধিকাংশ এলাকায় সূর্য দুই মিনিটেরও কম সময়ের জন্য সম্পূর্ণরূপে চাঁদের আড়ালে থাকবে। এরপর ধীরে ধীরে সূর্য আবার দৃশ্যমান হতে শুরু করবে।

