ফ্রান্সের এভিয়ান-লে-বেইনস শহরে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে ইসরায়েলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থন না থাকলে ইসরায়েলের অস্তিত্ব টিকে থাকত না। এমনকি তিনি নিজে হস্তক্ষেপ না করলে ইসরায়েল অনেক আগেই ধ্বংস হয়ে যেত বলেও মন্তব্য করেন।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শান্তি উদ্যোগকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে দূরত্ব বাড়ছে বলে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা চলছে। এই প্রেক্ষাপটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্রকে ছাড়া ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকত না। আমাকে ছাড়া ইসরায়েলেরও কোনো অস্তিত্ব থাকত না, কারণ আমি যা করেছি, তা অন্য কোনো মার্কিন প্রেসিডেন্ট করতে প্রস্তুত ছিলেন না।”
নিজের ভূমিকার প্রশংসা করে ট্রাম্প আরও বলেন, তিনি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত না থাকলে ইসরায়েল বহু আগেই ভয়াবহ হামলার শিকার হয়ে ধ্বংস হয়ে যেত। তবে একইসঙ্গে তিনি দাবি করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক এখনো ভালো রয়েছে।
তবে লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্প প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, এসব হামলায় অতিরিক্ত বেসামরিক মানুষ নিহত হচ্ছে, যা উদ্বেগজনক। একটি নির্দিষ্ট হামলার প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন, “আমি দেখেছি বোমাটি কোথায় আঘাত করেছে। ঘটনাটি অত্যন্ত নৃশংস ছিল।”
লেবানন সীমান্তে সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শও দিয়েছেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এই মন্তব্যগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক নীতিগত মতপার্থক্যের ইঙ্গিত দিচ্ছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিল। তবে সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন তেহরানের সঙ্গে শান্তি প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ায় ইসরায়েলের অবস্থান থেকে যুক্তরাষ্ট্রের কিছুটা দূরত্ব তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

