গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ক্যামেরাম্যান আহমেদ উইশাহ নিহত হয়েছেন। আল জাজিরা জানিয়েছে, শনিবার মধ্য গাজার নিজ বাড়িতে অবস্থানকালে তিনি হামলার শিকার হন। সংবাদমাধ্যমটি এ ঘটনাকে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে।
অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, আহমেদ উইশাহ হামাসের সামরিক শাখার সদস্য ছিলেন এবং স্নাইপার হিসেবে কাজ করতেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।
বুরেইজ শরণার্থী শিবিরে সংঘটিত ওই হামলায় উইশাহ ছাড়াও আরও দুজন নিহত হন। তাদেরও হামাসের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করেছে আইডিএফ।
এদিকে গাজার বিভিন্ন এলাকায় নতুন করে হামলার খবর পাওয়া গেছে। গাজা শহরের সাবরা এলাকায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন বলে স্থানীয় হাসপাতাল সূত্র জানিয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, দীর্ঘ সংঘাতের কারণে গাজার অধিকাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। খাদ্য, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা ও নিরাপদ আশ্রয়ের সংকট এখনো ভয়াবহ আকারে রয়ে গেছে।
২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর শুরু হওয়া যুদ্ধে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১,২০০ জন নিহত হয়েছিলেন।

