দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় এক ইসরাইলি সেনা নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন। শনিবার ভোরে সংঘটিত এই হামলার কথা নিশ্চিত করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
নিহত সেনা নীর বেন আরি (২১) ইসরাইলি সেনাবাহিনীর কমান্ডো ব্রিগেডের ম্যাগলান ইউনিটের সদস্য ছিলেন। আইডিএফ জানিয়েছে, দক্ষিণ লেবাননের আলি তাহের রিজ এলাকায় হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ ঘাঁটি দখলের অভিযান চলাকালে তিনি নিহত হন।
হামলার পর ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলে হিজবুল্লাহর বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালিয়েছে। আইডিএফের দাবি, আলি তাহের রিজের নিচে হিজবুল্লাহর একটি গুরুত্বপূর্ণ কৌশলগত কমান্ড সেন্টার রয়েছে, যেখান থেকে সংগঠনটির সামরিক কার্যক্রম পরিচালিত হয়।
এর আগের দিনও একই এলাকায় হিজবুল্লাহর হামলায় চার ইসরাইলি সেনা নিহত হয়েছিল। সামরিক তদন্তে বলা হয়েছে, একটি ট্যাংকে অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র বা বিস্ফোরকবাহী ড্রোনের আঘাতে ওই হতাহতের ঘটনা ঘটে।
লেবানন সীমান্তে চলমান সংঘর্ষ নতুন করে উত্তেজনা বাড়িয়ে তুলেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে, যা বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কাও বাড়াচ্ছে।

