উত্তর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৪৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১২ হাজার ৬৬৬ জন, আর ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় সর্বশেষ হতাহতের এ তথ্য প্রকাশ করেছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৮৬ হাজার ১১৭টি পরিবারকে জরুরি সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ৮৮৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৮৯টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।
উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতাও অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ৩ হাজার ৩০০-এর বেশি আন্তর্জাতিক উদ্ধারকর্মী উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। পাশাপাশি ভেনেজুয়েলা সরকার প্রায় ৩০ হাজার কর্মী মোতায়েন করেছে উদ্ধার, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রমে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, গত ২৪ জুন দেশটিতে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
এর মধ্যে ৭.৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে ইয়ারাকুই রাজ্যের ইয়ুমারে শহর থেকে প্রায় ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। অন্যদিকে ৭.২ মাত্রার ভূমিকম্পটি আঘাত করে সান ফিলিপ শহরের প্রায় ২৩.৯ কিলোমিটার উত্তর-পূর্বে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পের পর এ পর্যন্ত ৮৯০টি আফটারশক (পরাঘাত) রেকর্ড করা হয়েছে, যা উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমকে আরও কঠিন করে তুলেছে।

