যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তবে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সুযোগ দিতে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনা এক সপ্তাহের জন্য স্থগিত রেখেছে বলে তিনি জানিয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) দক্ষিণ ডাকোটার মাউন্ট রাশমোরে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন অনুষ্ঠানে দেওয়া ভাষণে ট্রাম্প এ মন্তব্য করেন।
ভাষণের একটি বড় অংশজুড়ে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার প্রশংসা করেন। ট্রাম্প বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের রয়েছে এবং দেশটি ইতিহাসের দুটি বিশ্বযুদ্ধে বিজয় অর্জন করেছে। তার দাবি, স্নায়ুযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের বহু প্রতিপক্ষ ইতিহাসের পাতায় হারিয়ে গেছে।
সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র অল্প সময়ের মধ্যেই ভেনেজুয়েলাকে পরাজিত করেছে এবং ইরানের ওপরও কঠোর আঘাত হেনেছে। তার ভাষ্য, এসব ঘটনার পর তেহরান এখন আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে চায়।
খামেনির শেষকৃত্য প্রসঙ্গে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবেই আলোচনায় বিরতি দিয়েছে, যাতে ইরান তাদের প্রয়াত নেতার শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারে। তিনি মন্তব্য করেন, ‘আমরা ভালো মানুষ বলেই তাদের নেতার শেষকৃত্যের জন্য এক সপ্তাহ সময় দিয়েছি।’
ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তিকে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে পুরোনো প্রজাতন্ত্র, সবচেয়ে স্বাধীন জনগণ এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী সংবিধানের অধিকারী যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মানবিক সহায়তা, ক্ষুধা মোকাবিলা, রোগ নিরাময় এবং বৈশ্বিক কল্যাণে যুক্তরাষ্ট্রের অবদান অন্য যেকোনো দেশের তুলনায় বেশি বলেও দাবি করেন।
দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও কড়া বক্তব্য দেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে আবারও ‘কমিউনিজমের হুমকি’ দেখা দিয়েছে। তার অভিযোগ, সম্প্রতি দেশে আসা কিছু মানুষ এমন আদর্শ ধারণ করছে, যা যুক্তরাষ্ট্রের ঐতিহ্য, জীবনধারা এবং সাফল্যের সঙ্গে সাংঘর্ষিক।
ট্রাম্প কমিউনিজমকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার জন্য ‘মরণঘাতী হুমকি’ হিসেবে উল্লেখ করে বলেন, এটি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, পার্ল হারবার কিংবা ১১ সেপ্টেম্বরের হামলার চেয়েও বড় হুমকি।
আসন্ন মধ্যবর্তী নির্বাচন নিয়েও আত্মবিশ্বাসী অবস্থান তুলে ধরেন তিনি। ট্রাম্পের দাবি, নিজেদের ভুল না হলে রিপাবলিকান পার্টির নির্বাচনে হারার সম্ভাবনা নেই। তিনি সিনেটে বিদ্যমান ফিলিবাস্টার বিধান বাতিল এবং ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ পাসের আহ্বান জানিয়ে বলেন, এমনটি হলে রিপাবলিকানরা আগামী ১০০ বছর কোনো নির্বাচন হারবে না।

