রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের একটি তেল টার্মিনালে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। শনিবার ভোরে এই হামলার ঘটনা ঘটে। সূত্র: আনাদোলু এজেন্সি
সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকজান্ডার বেগলভ জানান, শহরটি বড় ধরনের ইউক্রেনীয় ড্রোন হামলার মুখে পড়ে। রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৭২টি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে একটি ড্রোন পিটারহফ এলাকায় বিধ্বস্ত হয়।
তিনি বলেন, হামলায় কিরোভস্কি জেলার বন্দরের একটি তেল টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন ও ক্ষয়ক্ষতির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তেল অবকাঠামোতে হামলার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী রাশিয়ার যুদ্ধ অর্থায়নে ভূমিকা রাখা বন্দরভিত্তিক তেল অবকাঠামোতে সফল হামলা চালিয়েছে। এছাড়া ক্রনশটাডে, যা রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, সেখানেও সফল হামলা হয়েছে। তিনি উল্লেখ করেন, লক্ষ্যবস্তুটি ইউক্রেনের রাষ্ট্রীয় সীমান্ত থেকে ৮৫০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত।
এর আগে স্থানীয় টেলিগ্রাম চ্যানেলগুলোতে সেন্ট পিটার্সবার্গ বন্দরের তেল টার্মিনালে আগুন লাগার খবর প্রকাশিত হয়।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, শনিবার রাতে বিভিন্ন রুশ অঞ্চল, ২০১৪ সালে মস্কো কর্তৃক সংযুক্ত ক্রিমিয়া এবং আজভ ও কৃষ্ণ সাগরের আকাশে মোট ৩৮৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত বা প্রতিহত করা হয়েছে।

