ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সম্ভাব্য শেষবিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রায় তিন হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা ও কবর প্রস্তুতির দাবি উঠে এসেছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
জার্মান সংবাদমাধ্যম ওয়েল্টের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, তেহরান থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক একটি নথি ও চিঠির কথা উল্লেখ করেছেন, যা ইরানের রেড ক্রস এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অভ্যন্তরীণ যোগাযোগ হিসেবে দাবি করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, ওই চিঠিতে বিশাল জনসমাগমের কারণে সম্ভাব্য বিপর্যয়, প্রাণহানি এবং নিখোঁজ হওয়ার ঝুঁকি নিয়ে সতর্কতা দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ইউনিট গঠনের প্রস্তুতির কথাও উল্লেখ রয়েছে বলে দাবি করা হয়।
এছাড়া তেহরানের বেহেশ্ত-ই জাহরা কবরস্থানে অতিরিক্ত কবর প্রস্তুত রাখা হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তেহরান পৌরসভার এক কর্মীর বরাতে নতুন কবর খননের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে দাবি করা হয়।
তবে সম্ভাব্য প্রাণহানির সংখ্যা বা এ ধরনের বড় পরিসরের প্রস্তুতি নিয়ে ইরান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি এখনো স্বাধীনভাবে যাচাইযোগ্য নয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে আলোচিত হচ্ছে।

