পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠেছে। প্রদেশটির মাঙ্গি বাঁধ প্রকল্পের নিরাপত্তায় নিয়োজিত একটি পুলিশ চৌকিতে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত ৯ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। হামলার পর আরও কয়েকজন পুলিশ সদস্যের খোঁজ না পাওয়ায় তাদের ভাগ্য নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বার্তা সংস্থা এএফপির বরাতে স্থানীয় প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।
জ্যেষ্ঠ জেলা কর্মকর্তা আবদুল কুদ্দুস জানান, মাঙ্গি বাঁধ প্রকল্পের নিরাপত্তা চৌকিতে হামলার পর ঘটনাস্থল থেকে ৯ জন পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে কয়েকজন সদস্য এখনো নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
প্রাদেশিক সরকারের মুখপাত্র শহীদ রিন্দ বলেন, নিহতদের মধ্যে বিভিন্ন থানার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। তার দাবি, হামলাটি ইসলামপন্থী জঙ্গিরা চালিয়েছে। ঘটনার পরপরই আধাসামরিক বাহিনী, পুলিশ ও সন্ত্রাসবিরোধী ইউনিট যৌথভাবে পুরো এলাকায় চিরুনি অভিযান শুরু করেছে।
বেলুচিস্তান বহু বছর ধরেই পাকিস্তানের সবচেয়ে অস্থিতিশীল অঞ্চলগুলোর একটি। আফগানিস্তান ও ইরান সীমান্তঘেঁষা এই খনিজসম্পদসমৃদ্ধ প্রদেশে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা চলমান। এসব গোষ্ঠী প্রায়ই নিরাপত্তা বাহিনী, সরকারি স্থাপনা, বিদেশি বিনিয়োগ এবং বড় অবকাঠামো প্রকল্পকে লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোতে জঙ্গি হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইসলামাবাদের অভিযোগ, এসব হামলার পরিকল্পনা ও সমন্বয় আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে করা হচ্ছে। তবে আফগান কর্তৃপক্ষ বরাবরের মতোই এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সীমান্ত অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর সক্রিয়তা বৃদ্ধি পাওয়ায় পাকিস্তান নতুন করে কঠিন নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প ও নিরাপত্তা বাহিনীর ওপর ধারাবাহিক হামলা দেশের নিরাপত্তা ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।
উল্লেখ্য, গত কয়েক মাসে পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় জঙ্গিদের লক্ষ্য করে আফগানিস্তানের অভ্যন্তরে একাধিক বিমান হামলা চালিয়েছে। যদিও তালেবান সরকার ও জাতিসংঘের দাবি, এসব অভিযানে বহু বেসামরিক নাগরিকও প্রাণ হারিয়েছেন। এই পরিস্থিতি দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনাও আরও বাড়িয়ে তুলেছে।

