ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা এখন ইরাকে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে তার মরদেহ বহনকারী বিমান ইরাকের নাজাফে পৌঁছায়। বুধবার মরদেহ কারবালায় নেওয়া হবে, যেখানে জানাজা ও শোকানুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, খামেনি এবং তার পরিবারের সদস্যদের মরদেহ বহনকারী বিমানটি মঙ্গলবার রাতে নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে ইরাকি কর্তৃপক্ষ ও ধর্মীয় ব্যক্তিত্বদের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে স্বাগত জানানো হয় এবং সংক্ষিপ্ত সংবর্ধনার আয়োজন করা হয়।
পরিকল্পনা অনুযায়ী, বুধবার নাজাফে আনুষ্ঠানিক কর্মসূচি শেষে মরদেহ কারবালায় নেওয়া হবে। সেখানে ইমাম হুসাইনের (রা.) মাজার এবং হজরত আব্বাসের মাজারকে কেন্দ্র করে জানাজা ও শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে। আয়োজকদের ধারণা, ইরাকের বিভিন্ন অঞ্চল ছাড়াও প্রতিবেশী দেশগুলো থেকে আগত অসংখ্য শোকাহত মানুষ এই কর্মসূচিতে অংশ নেবেন।
ধর্মীয় বিশ্লেষকদের মতে, ইরানের বাইরে বিশেষ করে ইরাকের শিয়া সম্প্রদায়ের মধ্যেও খামেনির উল্লেখযোগ্য প্রভাব ছিল। সে কারণেই তার শেষ বিদায়ের কর্মসূচিকে ঘিরে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। এই উপলক্ষে ইরাকে বুধবার সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে, যাতে সাধারণ মানুষ শোকানুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পান।
এর আগে রোববার তেহরানের গ্র্যান্ড স্কয়ারে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ওই জানাজায় ইমামতি করেন ইরানের শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানী। একই অনুষ্ঠানে খামেনির জামাতা ড. মেসবাহ-উল-হোদা বাঘেরি-কানি, মেয়ে জাহরা হাদ্দাদ-আদেল, ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী-গোলপায়েগানি এবং সাইয়েদেহ বুশরা হোসেইনির জানাজার নামাজও আদায় করা হয়।
জানাজার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নাজাফ ও কারবালায় শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ আবার ইরানে ফিরিয়ে নেওয়া হবে। খামেনির ইচ্ছানুযায়ী, আগামী ৯ জুলাই মাশহাদে ইমাম রেজার (আ.) পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।
বিশ্লেষকদের মতে, ইরান ও ইরাকজুড়ে কয়েক ধাপে আয়োজিত এই শেষ বিদায়ের কর্মসূচি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং দুই দেশের ধর্মীয় ও সামাজিক সম্পর্কের প্রতীক হিসেবেও গুরুত্বপূর্ণ। তাই পুরো কর্মসূচিকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং লাখো মানুষের উপস্থিতির বিষয়টি মাথায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

