হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইরানের বিভিন্ন স্থাপনায় ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (স্থানীয় সময়) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সেন্টকম বলেছে, আন্তর্জাতিক জলসীমায় নিরীহ নাবিকদের বহনকারী বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলার জবাবে এই অভিযান শুরু করা হয়েছে। এসব হামলার জন্য ইরানকে ‘চড়া মূল্য’ দিতে বাধ্য করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।
এর আগে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজগুলোর ওপর হামলাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করে যুক্তরাষ্ট্র জানায়, এ ঘটনার পরিণতি ইরানকে ভোগ করতে হবে।
মঙ্গলবার রাতে দেওয়া সেন্টকমের বিবৃতিতে বলা হয়, ইরানের হামলার জবাব হিসেবেই এই সামরিক অভিযান চালানো হয়েছে। সংস্থাটি আরও দাবি করেছে, ইরানের এই আগ্রাসন ছিল ‘অযৌক্তিক, বিপজ্জনক’ এবং এটি যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল।
এদিকে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের এই হামলাকে গত মাসে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, তেহরান এ ঘটনার জবাবে ‘সিদ্ধান্তমূলক ব্যবস্থা’ নেবে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও সিরিক এলাকায় আঘাত হানা হয়েছে। এতে কয়েকজন শার্পনেলের আঘাতে আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

