বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে মিশরের ৩-২ গোলে হারের পর বিতর্কিত রেফারিং নিয়ে চলা আলোচনায় নতুন করে মন্তব্য করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি বলেছেন, ‘মিশরের সঙ্গে ডাকাতি করা হয়েছে।’
গত মঙ্গলবারের ওই ম্যাচে সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দেয় মুস্তাফা জিকোর একটি গোল বাতিলের সিদ্ধান্ত। ভিএআরের পর আক্রমণ শুরুর ২০ সেকেন্ডেরও বেশি আগে হওয়া একটি ফাউলের কারণে গোলটি বাতিল করা হয়। পরে ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।
মিশরের বিদায়ের পর রেফারিং ও ভিএআরের ব্যবহার নিয়ে দেশটির ফুটবল ফেডারেশন (ইএফএ) আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানায়।
এর একদিন পর বুধবার (৮ জুলাই) নিউইয়র্কবাসীর জন্য তার ‘নেক্সট স্টপ: বেটার বাসেস, ফাস্টার সার্ভিস’ কর্মসূচি উপস্থাপনের সময় বিষয়টি উল্লেখ করেন মামদানি।
দ্রুতগতির বাসসেবা চালু হলে যাত্রীদের সময় সাশ্রয়ের বিষয়টি তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ‘ছয় মাসে আপনি বাসে ২৪ ঘণ্টা কম সময় ব্যয় করবেন। এক বছর শেষে দুই দিনেরও বেশি যাতায়াতের সময় বাঁচবে। এর অর্থ পরিবারের সঙ্গে সকালের নাশতা, সন্তানের খেলায় উপস্থিত থাকা কিংবা সময়মতো বাসায় ফেরা।’
এরপর তিনি যোগ করেন, ‘এর অর্থ আপনার বন্ধুদের সঙ্গে একমত হওয়া যে, গতকাল মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে। সর্বোপরি, এর অর্থ নিউইয়র্কবাসীর কাছে তাদের মূল্যবান সময় ফিরিয়ে দেয়া।’
মামদানির এই মন্তব্য আসে এমন এক সময়ে, যখন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের ম্যাচ পরিচালনা নিয়ে মিশরে অসন্তোষ অব্যাহত রয়েছে।

