ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আবারও স্পষ্ট করে জানিয়েছেন, রোম সংঘাতে সরাসরি সামরিকভাবে জড়াবে না।
বুধবার আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মেলোনি বলেন, সংঘাত শুরুর পর থেকেই ইতালির অবস্থান অপরিবর্তিত রয়েছে। তার ভাষায়, “ইরানকে ঘিরে সংঘাত শুরু হওয়ার পর থেকেই আমাদের অবস্থান একেবারে পরিষ্কার। ইরানের বিরুদ্ধে কোনো হামলায় ইতালি অংশ নেবে না।”
ইতালির এই অবস্থান নতুন নয়। চলতি বছরের মার্চ মাসেও মধ্যপ্রাচ্যমুখী একটি মার্কিন সামরিক বিমানকে সিসিলির সিগোনেলা বিমানঘাঁটিতে অবতরণের অনুমতি দেয়নি দেশটি। ওই সিদ্ধান্তকে তখন মধ্যপ্রাচ্যের সংঘাতে সরাসরি সামরিক সম্পৃক্ততা এড়ানোর কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হয়।
ন্যাটো সম্মেলন শেষে সাংবাদিকরা মেলোনির কাছে জানতে চান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক জোরদারে যে রাজনৈতিক উদ্যোগ তিনি নিয়েছিলেন, তা নিয়ে এখন তার কোনো অনুশোচনা আছে কি না। জবাবে ইতালির প্রধানমন্ত্রী সংক্ষেপে বলেন, “না, আমি যা করেছি, তা নিয়ে আমার কোনো অনুশোচনা নেই।”
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে ট্রাম্প প্রথমবারের মতো প্রকাশ্যে মেলোনির সমালোচনা করেন। এর আগে মেলোনি পোপ লিও চতুর্দশকে নিয়ে ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করেছিলেন। বিশেষ করে ইরানকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতি নিয়ে পোপের অবস্থান ঘিরে দেওয়া ট্রাম্পের বক্তব্য নিয়ে তিনি আপত্তি জানান।

