যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির আশপাশে অন্তত ৬ হাজার নাবিক আটকা পড়েছেন। পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)।
এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আইএমওর মহাসচিব আর্সেনিও ডমিঙ্গেজ সতর্ক করে বলেছেন, সাম্প্রতিক হামলাগুলো নিরীহ নাবিকদের আবারও চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। তার ভাষায়, শুধু দায়িত্ব পালন করতে গিয়ে কোনো নাবিকের জীবনের ঝুঁকি নেওয়া উচিত নয়। এই সংকটের পেছনে হাজারো নাবিকের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও মানবিক মূল্য দিচ্ছেন।
তিনি বলেন, পরিসংখ্যানের আড়ালে অসংখ্য মানুষের জীবন ও জীবিকা জড়িয়ে রয়েছে। তাই সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখনো বুঝতে পারেনি যে আগ্রাসন ও প্রতিশ্রুতি ভঙ্গের মূল্য দিতে হয়। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, তাহলে ইরানও পাল্টা জবাব দেবে।
গালিবাফ আরও দাবি করেন, হরমুজ প্রণালিতে চলাচল ইরানের নির্ধারিত নিয়মেই পরিচালিত হবে। যুক্তরাষ্ট্রের চাপ বা হুমকির মুখে তেহরান নতি স্বীকার করবে না বলেও তিনি মন্তব্য করেন।
বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক বাণিজ্য ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

