চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) স্থানীয় সময় দুপুরে ঘটে যাওয়া এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বহুতল কারখানাটি থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। ভবনের ছাদে আটকে পড়া শ্রমিকরা প্রাণ বাঁচাতে সাহায্যের জন্য আহ্বান জানাচ্ছিলেন। অগ্নিকাণ্ডের পর জিনজিয়াং শহরজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ ক্রীড়া জুতা এই শিল্পনগরীতেই উৎপাদিত হয়।
রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, খবর পাওয়ার পরপরই শত শত উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযান শুরু করেন। এখন পর্যন্ত ২০০ জনের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আহতের সঠিক সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কারখানার নিচতলায় দাহ্য পদার্থ সংরক্ষণের স্থান থেকেই আগুনের সূত্রপাত হয়। ঘটনার পর কারখানার মালিকপক্ষের সংশ্লিষ্ট কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পাশাপাশি তদন্তের স্বার্থে প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাবও জব্দ করেছে কর্তৃপক্ষ।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি দ্রুত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

