স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গালিয়ার্দোস এলাকায় ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। এ তথ্য জানিয়েছে আন্দালুসিয়া আঞ্চলিক সরকার।
স্থানীয় সূত্রের দাবি, একটি বিদ্যুৎ লাইন ছিঁড়ে পড়ার পর আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত আশপাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের কারণে স্পেনসহ দক্ষিণ ইউরোপের বিভিন্ন দেশে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়েছে। এর ফলে একের পর এক দাবানলের ঘটনা ঘটছে। নিরাপত্তার স্বার্থে প্রায় এক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
আন্দালুসিয়া সরকারের প্রধান হুয়ানমা মোরেনো ঘটনাটিকে একটি মর্মান্তিক ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।
বর্তমানে প্রায় ১৫০ জন দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। পরিস্থিতি মোকাবিলায় স্পেনের সামরিক জরুরি ইউনিটও অভিযানে যোগ দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে তাপমাত্রা দ্রুত বাড়ছে, যার ফলে ভবিষ্যতে দাবানলের ঘটনা আরও ঘন ঘন ও ভয়াবহ হতে পারে।

