ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানে চার কোটি ১০ লাখ থেকে চার কোটি ৩০ লাখের বেশি মানুষ অংশ নিয়েছেন বলে দাবি করেছে ইরান। দেশটির কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ছয় দিনব্যাপী আয়োজিত শোকযাত্রা ও দাফন অনুষ্ঠানে এই বিপুল জনসমাগম ঘটে, যা মানব ইতিহাসের অন্যতম বৃহৎ শোকসমাবেশ।
ইরানের ফার্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, তেহরান, কোম, নাজাফ, কারবালা ও মাশহাদ—এই পাঁচ শহরে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর মধ্যে শুধু ইরাকের নাজাফ ও কারবালাতেই প্রায় এক কোটি মানুষ অংশ নিয়েছেন বলে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের হামলায় খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। এরপর দীর্ঘ প্রস্তুতির পর গত সপ্তাহে শুরু হয় রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। এতে বিশ্বের ৪৫টিরও বেশি দেশের রাজনৈতিক নেতা এবং ৯০টিরও বেশি দেশের ধর্মীয় ও সরকারি প্রতিনিধিরা অংশ নিয়েছেন বলে দাবি করা হয়েছে।
ইরানি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যাতায়াতের তথ্য, মোবাইল ফোনের সিগন্যাল এবং অন্যান্য প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে অংশগ্রহণকারীর এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে। তবে এসব পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

