পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে চলমান ‘অপারেশন শাবান’-এ আরও ১৭ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এর ফলে অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে পৌঁছেছে।
নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী, মাঙ্গি বাঁধ পুলিশ স্টেশনে হামলার পর সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কর্পস (এফসি) ও বেলুচিস্তান পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) দাবি করেছে, হামলাকারীরা ভারত-সমর্থিত ছিল। তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, হামলার সময় পুলিশ সদস্যরা প্রতিরোধ গড়ে তুলে ১৫ জন হামলাকারীকে হত্যা করেন। তবে এতে ৯ জন পুলিশ সদস্য নিহত হন। পরে নিরাপত্তা বাহিনী পৌঁছানোর আগেই হামলাকারীরা কয়েকজন পুলিশ সদস্যকে জিম্মি করে।
পাকিস্তানি কর্তৃপক্ষের দাবি, ৬ জুলাই থেকে জিয়ারাত জেলার পাহাড়ি এলাকায় অভিযান চলাকালে অবরুদ্ধ অবস্থায় হামলাকারীরা ১৮ জন জিম্মি পুলিশ সদস্যকে হত্যা করে। মাঙ্গি চেকপোস্টে হামলায় মোট ২৭ জন পুলিশ সদস্য নিহত হন এবং অভিযানে ২৬ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়।
এদিকে খুজদারের একটি পুলিশ স্টেশনে হামলার চেষ্টা প্রতিহত করার পর পরিচালিত পৃথক অভিযানে আরও ৮ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর দাবি, ৫ জুলাই থেকে শুরু হওয়া ‘অপারেশন শাবান’ ও অন্যান্য গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে এখন পর্যন্ত মোট ৯১ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া হেলিকপ্টার অভিযানে আরও ৫ থেকে ৬ জন নিহত হওয়ার কথাও জানানো হয়েছে।

