বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী। শনিবার (১২ জুলাই) প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না। এ তথ্য প্রকাশ করেছে মিডল ইস্ট আই।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে বিদেশি হস্তক্ষেপ কিংবা তাদের ভাষায় ‘অবৈধ নৌপথ’ ব্যবহার করে চলাচলের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সংস্থাটির দাবি, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে কয়েকটি জাহাজ নির্ধারিত নৌপথে ফিরে যাওয়ার নির্দেশ অমান্য করেছে। এর মধ্যে একটি জাহাজ নিজের অবস্থান শনাক্তকারী ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ করে দেয়, যা সামুদ্রিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে দাবি করেছে আইআরজিসি। পরে সতর্কতামূলক গুলি ছোড়ার পর জাহাজটিকে থামানো হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
আইআরজিসি আরও জানিয়েছে, এলাকায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে ভবিষ্যতে নতুন কোনো হামলা, উসকানি বা নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটলে তার কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে পরিবহন করা হয়। ফলে এই রুটে যেকোনো ধরনের অস্থিরতা আন্তর্জাতিক জ্বালানি বাজার, সমুদ্রবাণিজ্য এবং পরিবহন ব্যয়ের ওপর দ্রুত প্রভাব ফেলতে পারে।
সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার পর হরমুজ প্রণালি ঘিরে নিরাপত্তা পরিস্থিতিও জটিল হয়ে উঠেছে। নতুন এই ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যের সামরিক পরিস্থিতি এবং বৈশ্বিক বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

