ফ্রান্সের রাজধানী প্যারিসের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলে এক হাজার ৩০০ হেক্টরেরও বেশি বনভূমি পুড়ে গেছে। দেশটির ঐতিহাসিক ফন্তেইনব্ল্যু বনে ছড়িয়ে পড়া এই আগুন নিয়ন্ত্রণে দিন-রাত কাজ করছেন শত শত দমকলকর্মী।
স্থানীয় সময় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদন অনুযায়ী, গত রোববার প্যারিস থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ফন্তেইনব্ল্যু বনে আগুনের সূত্রপাত হয়। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই বন একসময় ফরাসি রাজপরিবারের শিকারক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতো।
বর্তমানে সংরক্ষিত এই বনাঞ্চলের আশপাশে বেশ কয়েকটি ছোট ও শান্ত গ্রাম রয়েছে। দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং নিরাপত্তার জন্য অনেককে সরিয়ে নেওয়া হয়।
ফ্রান্সজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যেই এ দাবানলের ঘটনা ঘটেছে। সাধারণত দেশটির উত্তরাঞ্চলে এ ধরনের অগ্নিকাণ্ড খুব বেশি দেখা না গেলেও এবার তীব্র গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত বিস্তার লাভ করেছে।
ইউনেসকো স্বীকৃত এই সংরক্ষিত বনাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ার ফলে ছুটির মৌসুমে রেল ও সড়ক যোগাযোগেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে আকাশ ও স্থল—দুই পথেই ব্যাপক অভিযান চালানো হচ্ছে। পানি ছিটানো উড়োজাহাজ এবং হেলিকপ্টার ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা অব্যাহত রয়েছে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লঁরে নুনেজ জানান, সোমবার বিকেল পর্যন্ত প্রায় এক হাজার ২০০ হেক্টর বনভূমি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনায় অতিরিক্ত প্রায় ১০০ হেক্টর এলাকা পুড়ে যায়।
তিনি জানান, ফন্তেইনব্ল্যু ও আশপাশের এলাকা থেকে প্রায় এক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে চারটি কানাডাএয়ার উড়োজাহাজ, দুটি ড্যাশ উড়োজাহাজ এবং পানি নিক্ষেপে সক্ষম তিনটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। উদ্ধার অভিযানের দায়িত্বে থাকা কমান্ডার জঁ-মার্ক সিকার্ড জানান, সোমবার সন্ধ্যা পর্যন্ত আকাশ থেকে মোট ১৮৭ বার পানি ছিটানো হয়েছে। পাশাপাশি প্রায় ৬০০ দমকলকর্মী রাতভর আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।
তবে পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন কমান্ডার সিকার্ড। তিনি বলেন, আগুনের বিস্তার অব্যাহত রয়েছে এবং আবহাওয়ার পরিস্থিতিও এখনো অনুকূলে নয়।
এদিকে দাবানলের পেছনে কোনো নাশকতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী নুনেজ। তিনি বলেন, এক কিলোমিটারের মধ্যে ১০টি পৃথক স্থানে একই সময়ে আগুনের সূত্রপাত হওয়ায় বিষয়টি সন্দেহজনক বলে মনে হচ্ছে। কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, অস্বাভাবিক এই দাবানল মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে ফ্রান্স বর্তমানে চলতি বছরের তৃতীয় তাপপ্রবাহের মধ্য দিয়ে যাচ্ছে। গত এক সপ্তাহে দেশটির বিভিন্ন এলাকায় একাধিক দাবানলের ঘটনা ঘটেছে।
বেসামরিক নিরাপত্তা দপ্তরের মহাপরিচালক জুলিয়েন মারিয়নের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দাবানলে ফ্রান্সের প্রায় ২৫ হাজার হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার বাস্তিল দিবসের জাতীয় ছুটির দিনেও ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে।

