ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৭৩৪ জনে পৌঁছেছে। একই সঙ্গে আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। দেশটির সরকারি সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২৪ জুন মাত্র এক মিনিটের ব্যবধানে রিখটার স্কেলে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়।
জাতীয় পরিষদের প্রধান জর্জ রদ্রিগেজ জানান, এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪,৭৩৪ জনে পৌঁছেছে। আহতদের মধ্যে বেশির ভাগই চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।
এদিকে জাতিসংঘের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, ভূমিকম্পের পর এখনও প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। শত শত ভবন ধসে পড়ায় বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন।
উদ্ধারকারী দল এখনও ক্ষতিগ্রস্ত এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। কর্মকর্তাদের আশঙ্কা, ধ্বংসস্তূপ সরানোর কাজ এগোলে নিহত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে

