ইরান আলোচনার টেবিলে ফিরে না এলে দেশটির গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী সপ্তাহে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রগুলোতে বোমা হামলা চালানো হতে পারে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যেই ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ট্রাম্প। বর্তমানে দুই দেশের মধ্যে টানা চতুর্থ দিনের মতো সামরিক সংঘাত চলছে।
ট্রাম্প বলেন, “আগামী সপ্তাহটি তাদের জন্য সত্যিই খুব খারাপ হতে চলেছে।”
তিনি আরও বলেন, “আমরা তাদের সব বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেব। তারা আলোচনার টেবিলে না এলে তাদের সব সেতুও ধ্বংস করে দেওয়া হবে।”
এর আগে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব পণ্যবাহী জাহাজের ওপর ২০ শতাংশ ফি আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। পরে সেই অবস্থান থেকে সরে এলেও ইরানের বন্দর অবরোধের উদ্যোগ পুনরায় চালুর কথা জানিয়েছেন তিনি।
তবে ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকি ট্রাম্প এবারই প্রথম দেননি। এর আগেও গত এপ্রিল মাসে তিনি দেশটির বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ইঙ্গিত দিয়েছিলেন।
সে সময় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক সতর্ক করে বলেছিলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক মানুষ ও বেসামরিক স্থাপনা ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হলে তা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
১৯৪৯ সালের জেনেভা কনভেনশনেও যুদ্ধকালীন মানবিক আচরণের নীতিমালা অনুযায়ী বেসামরিক জনগণ এবং তাদের জন্য অপরিহার্য স্থাপনায় হামলা নিষিদ্ধ করা হয়েছে। ফলে ট্রাম্পের সর্বশেষ হুমকি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

