বেনিয়ামিন নেতানিয়াহু আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হলে ইসরায়েলের অন্তত ২৩ শতাংশ নাগরিক নিজে অথবা তাদের কোনো আত্মীয় দেশ ছাড়ার কথা ভাবছেন। সম্প্রতি ইসরায়েলি সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’-এর এক জরিপে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সূত্র: টাইমস অব ইসরায়েল
জরিপে উত্তরদাতাদের কাছে জানতে চাওয়া হয়েছিল, নেতানিয়াহু আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তারা বা তাদের কোনো আত্মীয় ইসরায়েল ছেড়ে যাওয়ার কথা ভাবছেন কি না। এর জবাবে ২৩ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ বলেছেন। বিপরীতে ৬৮ শতাংশ মানুষ জানিয়েছেন তাদের দেশ ছাড়ার কোনো পরিকল্পনা নেই এবং বাকিরা এ বিষয়ে নিশ্চিত কোনো উত্তর দেননি।
জরিপে অংশ নেওয়া ৬৭ শতাংশ বা প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ ক্ষমতাসীন জোটের পাস করা সাম্প্রতিক বিভিন্ন আইনের বিরোধিতা করেছেন। এর মধ্যে তোরাহ অধ্যয়নকে আধা-সাংবিধানিক মর্যাদা দেওয়া এবং কট্টরপন্থী অর্থোডক্স ইহুদিরা সামরিক বাহিনীতে যোগ না দিলেও তাদের গ্রেফতার হওয়া থেকে সুরক্ষা দেওয়ার মতো বিতর্কিত আইন রয়েছে।
জরিপে মাত্র ২১ শতাংশ মানুষ এই আইনগুলোকে সমর্থন জানিয়েছেন এবং বাকিরা এ বিষয়ে কোনো উত্তর দেননি।

