ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের ভাস্ত্রাল এলাকায় একটি অবৈধ আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত এবং ৯ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে ‘ট্যালেন্ট ফায়ারওয়ার্কস’ নামের কারখানাটিতে এই দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কারখানাটির লাইসেন্স আগেই বাতিল করা হয়েছিল। তবে এরপরও স্থানীয় একটি খামারে অবৈধভাবে আতশবাজি উৎপাদনের কাজ চলছিল। বিস্ফোরণের পর পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়।
খবর পেয়ে দমকল বাহিনী ও দ্রুত প্রতিক্রিয়া বাহিনী ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে মণিনগর সিভিল হাসপাতাল ও এলজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, নিহত প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি করে এককালীন আর্থিক সহায়তা দেওয়া হবে।

