ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গেসহ বিরোধী জোটের কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) নয়াদিল্লিতে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছিলেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ তাদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায়।
ঘটনার আগে রাহুল গান্ধী জানিয়েছিলেন, তিনি প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। তবে পুলিশ বিক্ষোভ ছত্রভঙ্গ করে তাকে, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবসহ আরও কয়েকজনকে আটক করে।
এর একদিন আগে, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নফাঁসের অভিযোগ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সেই কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করলে বেশ কয়েকজন আহত হন।

