চীনের এক ৯০ বছর বয়সী বৃদ্ধা প্রায় দুই দশক ধরে ঘরের নানা কাজে ব্যবহার করে আসছিলেন একটি ভারী ধাতব বস্তু। তিনি সেটিকে সাধারণ হাতুড়ি মনে করলেও পরে জানা যায়, সেটি আসলে একটি হ্যান্ড গ্রেনেড।
অবিশ্বাস্য এ ঘটনাটি ঘটেছে চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের শিয়াংইয়াং শহরে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই বৃদ্ধার পদবি কিন।
প্রায় ২০ বছর আগে কৃষিজমিতে কাজ করার সময় কিন একটি লম্বা হাতলযুক্ত অদ্ভুত ধাতব বস্তু খুঁজে পান। বস্তুটির আকৃতি দেখে তার ধারণা হয়েছিল, এটি হয়তো কোনো পুরোনো হাতুড়ি। এরপর তিনি সেটি বাড়িতে নিয়ে আসেন এবং দৈনন্দিন কাজে ব্যবহার শুরু করেন।
বছরের পর বছর ওই বস্তু দিয়েই তিনি পেরেক ঠুকেছেন, আখরোট ও অন্যান্য বাদাম ভেঙেছেন, এমনকি শুকনা মরিচ গুঁড়া করার কাজেও ব্যবহার করেছেন। নিয়মিত আঘাতের কারণে বস্তুটির হাতল মসৃণ হয়ে যায় এবং বাইরের অংশে ক্ষয়ের চিহ্নও দেখা দেয়। তবে এতদিনেও বৃদ্ধা বুঝতে পারেননি, তিনি যে জিনিসটি ব্যবহার করছেন সেটি বিস্ফোরক হতে পারে।
২০২৪ সালের জুনে পুরোনো বাড়ি ভাঙার কাজ শুরু হলে ঘটনাটি সামনে আসে। বাড়ি ভাঙার কাজে নিয়োজিত এক শ্রমিক বস্তুটি দেখে সন্দেহ করেন। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে বিস্ফোরক নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞরা ঘটনাস্থলে এসে বস্তুটি সরিয়ে নেন। তবে এটি পুরোপুরি সক্রিয় গ্রেনেড ছিল কি না, তা নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন তথ্য পাওয়া গেছে।
কিছু প্রতিবেদনে বলা হয়েছে, বস্তুটি চীনের তৈরি টাইপ-৬৭ গ্রেনেড হতে পারে। আবার অন্য একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, এটি হয়তো বিস্ফোরকবিহীন প্রশিক্ষণ সংস্করণের কোনো গ্রেনেড।
তবে নিশ্চিত বিষয় হলো, দীর্ঘ সময় ধরে একটি সম্ভাব্য বিপজ্জনক বস্তু ঘরের কাজে ব্যবহার করেও কোনো দুর্ঘটনার শিকার হননি ওই বৃদ্ধা। ঘটনাটি চীনের স্থানীয়দের মধ্যে ব্যাপক বিস্ময় তৈরি করেছে।

