শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের জেরে মধ্য দিল্লির যন্তর মন্তর ও তার আশপাশের এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে ভারত সরকার। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকেই জারি হওয়া এই নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে প্রায় দুই কিলোমিটার দূরের মান্ডি হাউস এলাকা পর্যন্ত। শুরুতে বিকেল ৪টা পর্যন্ত এই নির্দেশ থাকলেও পরে তা মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়।
ইন্টারনেট না থাকায় বিক্ষোভকারীদের পাশাপাশি সাধারণ মানুষ ও চাকরিজীবীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনলাইন লেনদেন বা ইউপিআই কাজ না করায় ছোট ব্যবসায়ী ও ক্রেতারা মারাত্মক বিপাকে পড়েছেন। অনেকেই বাধ্য হয়ে শুধু নগদ টাকায় কেনাবেচা করছেন। এছাড়া, ইন্টারনেটভিত্তিক যোগাযোগের পাশাপাশি সাধারণ ফোন কলেও মারাত্মক বিঘ্ন ঘটছে।
গুজব ও সহিংসতা ঠেকাতে সরকার প্রায়ই নির্দিষ্ট এলাকায় ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়ে থাকে। তবে, এবারের নির্দেশিকাটি সম্পূর্ণ গোপন রাখা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইন্টারনেট বন্ধের কারণ জনসমক্ষে প্রকাশ করা বাধ্যতামূলক হলেও তা মানা হয়নি। কোনো আগাম ঘোষণা ছাড়া এভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় সরকারের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে ডিজিটাল অধিকার রক্ষা সংগঠনগুলো।

