রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের গুঞ্জনের মধ্যে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়ে এ বিষয়ে করা প্রশ্নকে ‘বিব্রতকর’ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে যোগাযোগের অভিযোগও সরাসরি নাকচ করেছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় একটি জাতীয় দৈনিকের সঙ্গে টেলিফোনে সংক্ষিপ্ত আলাপচারিতায় রাষ্ট্রপতিকে পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘দেখতে পাবেন… প্রশ্নটা বিব্রতকর।’
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দিতে হয়। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্পিকার দেশে আছেন কি না, সেটি তার জানার বিষয় নয়।
লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনার সঙ্গে কথা বলার অভিযোগ সম্পর্কে রাষ্ট্রপতি বলেন, ‘এটা পুরোপুরি ভিত্তিহীন। আমি তখন গুরুতর অসুস্থ ছিলাম। এসব সম্পূর্ণ বানানো কথা।’
এর আগে বিভিন্ন গণমাধ্যমে একাধিক সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের খবর প্রকাশিত হয়। একই সঙ্গে মে মাসে লন্ডনে চিকিৎসার সময় শেখ হাসিনার সঙ্গে তার কথোপকথনের অভিযোগও সামনে আসে। তবে রাষ্ট্রপতি নিজেই সেই অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতি চাইলে সংবিধান অনুযায়ী বা স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে পারেন। তবে সরকার থেকে তাকে পদত্যাগের জন্য কোনো অনুরোধ করা হয়নি বলেও তিনি জানিয়েছেন।
বর্তমানে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চললেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা সাংবিধানিক পদক্ষেপের তথ্য প্রকাশ করা হয়নি।

