যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে বৃহৎ সামরিক হামলা চালানোর বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। তার দাবি, ইরান এখনো তাদের কর্মকাণ্ডের জন্য যথেষ্ট মূল্য দেয়নি।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি আগের যেকোনো সময়ের তুলনায় বড় ধরনের হামলার সিদ্ধান্তের খুব কাছাকাছি অবস্থান করছেন এবং এ ধরনের অভিযানের জন্য যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত।
তবে তিনি স্বীকার করেন, এমন সিদ্ধান্তের বড় ধরনের আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিণতি হতে পারে। এজন্য এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং কোনো নির্দিষ্ট সময়সীমাও নির্ধারণ করা হয়নি বলে জানান তিনি।
ট্রাম্প আরও দাবি করেন, প্রয়োজন হলে ইসরায়েল খুব দ্রুত অভিযানে যোগ দিতে প্রস্তুত। যদিও তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাইলে একাই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সক্ষম।
একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, ইসরায়েল সরাসরি হামলায় অংশ নিলে ইরানের পাল্টা প্রতিক্রিয়ার ঝুঁকিও তৈরি হতে পারে।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরানের কর্মকর্তারা আলোচনায় আগ্রহ দেখালেও বর্তমানে কোনো সমঝোতায় পৌঁছানোর মতো অবস্থানে নেই বলে তার ধারণা।

