ভারতের জলবায়ু, পরিবেশ ও সামাজিক আন্দোলনের অন্যতম মুখ সোনাম ওয়াংচুক ২৬ দিনের অনশন কর্মসূচি শেষ করেছেন। অনশন ভাঙার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে শুভকামনা জানিয়ে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ওয়াংচুককে চিকিৎসকদের পরামর্শ মেনে দ্রুত সুস্থ হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি লেখেন, ‘আমি সোনমজিকে অনুরোধ করছি, তিনি যেন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দৈনন্দিন জীবনযাপন করেন এবং যত দ্রুত সম্ভব আগের ওজন ফিরে পান। সর্বশক্তিমানের কাছে তার সুস্বাস্থ্য কামনা করছি।’
গত ২৮ জুন থেকে অনশন শুরু করেছিলেন ওয়াংচুক। রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না—সরকারের এমন আশ্বাস পাওয়ার পর গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে তিনি অনশন ভঙ্গ করেন।
অনশন ভাঙার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং, লেহ-লাদাখের শীর্ষ সংগঠনের নেতারা, চিকিৎসক এবং ওয়াংচুকের পরিবারের সদস্যরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কেন্দ্রীয় দুই মন্ত্রী একটি কাপ থেকে পানি পান করিয়ে ওয়াংচুকের অনশন ভাঙতে সহায়তা করছেন।
অনশন শেষ করে ওয়াংচুক বলেন, ‘আমি অনশন ভাঙতে পেরে কৃতজ্ঞ ও আনন্দিত। সবাইকে ধন্যবাদ।’
পরে স্ত্রী গীতাঞ্জলির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘গীতাঞ্জলি সবসময় আমার পাশে ছিল। তাকে ধন্যবাদ জানিয়ে আমার অনুভূতি পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয়।’
ভিডিওতে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডাকে সরকারের দেওয়া আশ্বাসগুলোও পড়ে শোনাতে দেখা যায়।
এদিকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ওয়াংচুকের অনশন ভাঙাকে স্বাগত জানিয়েছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘নিজের জীবন বাজি রেখে আপনি পুরো জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছেন। এই দেশের কাছে আপনার জীবন অত্যন্ত মূল্যবান।’
একই সঙ্গে দীপকে ঘোষণা দেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।

