ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ জোশী। শনিবার (২৫ জুলাই) কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
প্রতিবেদন অনুযায়ী, মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET)-এর প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন।
প্রহ্লাদ জোশী বর্তমানে ভারতের খাদ্য ও ভোক্তা অধিকার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। নতুন দায়িত্বের ফলে তিনি এখন একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
সাম্প্রতিক সময়ে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন রাজনৈতিক দল স্বচ্ছ তদন্ত ও দায়ীদের শাস্তির দাবিতে আন্দোলনে নামে। দীর্ঘদিন ধরে চলা বিক্ষোভ ও রাজনৈতিক চাপের পর কেন্দ্রীয় সরকার শিক্ষা মন্ত্রণালয়ে নেতৃত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।
সরকারের এই পদক্ষেপের মাধ্যমে শিক্ষাব্যবস্থার প্রতি জনআস্থা পুনরুদ্ধার এবং চলমান সংকট মোকাবিলার চেষ্টা করা হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

