সিরিয়ার দিয়ের আল-জোর ও রাজধানী দামেস্কের মধ্যবর্তী মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।
শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা-কে এ তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরা জানিয়েছে, দুর্ঘটনাটি পূর্ব সিরিয়াকে রাজধানী দামেস্কের সঙ্গে সংযুক্ত প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ মহাসড়কের আল-সুখনা ও পালমিরা এলাকার মধ্যে ঘটে।
সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত বাস দুটির একটিতে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা এবং অন্যটিতে বেসামরিক যাত্রীরা ছিলেন।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়। গুরুতর আহতদের দ্রুত চিকিৎসার জন্য হোমসের সামরিক হাসপাতালে নিতে কয়েকটি হেলিকপ্টারও মোতায়েন করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যে মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে তার নিরাপত্তা ব্যবস্থা দীর্ঘদিন ধরেই দুর্বল। প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধের কারণে সিরিয়ার সড়ক ও অন্যান্য বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সাড়া মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সিরিয়ায় দুই হাজারের বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনা দেশটিতে প্রাণহানির অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

