ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার করা উচিত বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক নাগরিক। নতুন এক জনমত জরিপে এমন তথ্য উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিতে নেতানিয়াহু বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। এই সফরের মধ্যেই ইকোনমিস্ট/ইউগভ পরিচালিত এক জরিপে মার্কিন নাগরিকদের কাছে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মতামত জানতে চাওয়া হয়।
জরিপের ফল অনুযায়ী, ৪৯ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা উচিত। বিপরীতে ২৭ শতাংশ উত্তরদাতা তার গ্রেপ্তারের বিরোধিতা করেছেন। আর ২৩ শতাংশ এ বিষয়ে কোনো নির্দিষ্ট মত জানাতে পারেননি।
গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের সময় সংঘটিত কথিত যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে ইসরায়েল এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়। ট্রাম্প প্রশাসন ইসরায়েলের বিরুদ্ধে আদালতের পদক্ষেপের বিরোধিতা করেছে এবং এ ঘটনায় জড়িত হেগভিত্তিক কিছু কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছে।
জরিপে আরও দেখা গেছে, মার্কিন নাগরিকদের মধ্যে নেতানিয়াহুকে নিয়ে মতভেদ স্পষ্ট। ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে ৬৮ শতাংশ তার গ্রেপ্তারের পক্ষে মত দিয়েছেন। রিপাবলিকান সমর্থকদের মধ্যে এ হার ২৪ শতাংশ। আর স্বতন্ত্র ভোটারদের ৫৫ শতাংশ নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে অবস্থান নিয়েছেন। নেতানিয়াহু যুদ্ধাপরাধে জড়িত কি না—এমন প্রশ্নেও জরিপে প্রায় একই ধরনের বিভক্ত মতামত পাওয়া গেছে।
এদিকে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের পরিকল্পনা রয়েছে। এ সফর ঘিরেও তাকে গ্রেপ্তারের দাবি উঠেছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

