মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা প্রশমনের ইঙ্গিত এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের ওপর পরিকল্পিত হামলা স্থগিতের ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৪ শতাংশের বেশি কমেছে।
সোমবার এশিয়ার বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪.৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০.৮৯ ডলারে নেমে আসে। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম ৪.৪ শতাংশ কমে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৮৪.১০ ডলারে।
ট্রাম্প জানান, ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে সম্ভাব্য হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। তিনি আরও বলেন, হরমুজ প্রণালি দ্রুত ও সম্পূর্ণভাবে খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সম্ভাব্য একটি সমঝোতার বিষয়ে আলোচনা চলছে।
বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল ও তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হওয়ায় এ অঞ্চলের উত্তেজনা তেলের বাজারে বড় প্রভাব ফেলে। হামলা স্থগিতের ঘোষণায় বিনিয়োগকারীদের উদ্বেগ কমে যাওয়ায় বাজারে ঝুঁকির প্রিমিয়ামও হ্রাস পেয়েছে।
তবে ট্রাম্পের বক্তব্যের বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে ইরান। দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী সৈয়দ মজিদ ইবনে আল-রেজা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের হুমকিকে তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

