যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা সামরিক সংঘাতের মাধ্যমে নয়, বরং কূটনৈতিক সমঝোতা ও চুক্তির মাধ্যমে সমাধান করতে চান তিনি। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। সূত্র: গালফ নিউজ
পারস্য উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি, সম্ভাব্য সামরিক পদক্ষেপ এবং আসন্ন আলোচনা প্রসঙ্গে ট্রাম্প স্পষ্ট করে জানান, তিনি মানুষ হত্যা করতে চান না। বরং আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছানোকে অগ্রাধিকার দিচ্ছেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ মধ্যস্থতার মাধ্যমে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। ট্রাম্প বলেন, যুদ্ধ হলে তা ইরানের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনত।
তিনি জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ইরানের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। একই সঙ্গে একটি চুক্তির সম্ভাবনা তৈরি হওয়ায় সামরিক অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে।
ট্রাম্প হরমুজ প্রণালির পূর্ণাঙ্গ উন্মুক্তকরণ এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিরস্ত্রীকরণের অগ্রগতির সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়গুলোকে যুক্ত করেছেন।
আলোচনার জন্য তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেননি। তবে প্রয়োজন হলে যেকোনো সময় সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের রয়েছে বলেও তিনি পুনর্ব্যক্ত করেছেন।
আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে হরমুজ প্রণালির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবেই ট্রাম্পের এই বক্তব্য এসেছে।

