ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছে তেহরান। দেশটির প্রেসিডেন্টের দপ্তরের যোগাযোগ ও তথ্য বিভাগের উপ-পরিচালক মেহদি তাবাতাবাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
পোস্টে তিনি লিখেছেন, মিথ্যাবাদী, প্রতারক এবং বেপরোয়া চরমপন্থিদের একটি অশুভ জোট পবিত্র ঐক্য ও জাতীয় সংহতিকে লক্ষ্যবস্তু করেছে।
এর আগে ইরানের ধর্মীয় নেতা মোহাম্মদ বাঘের খারাজি মন্তব্য করেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সতর্ক করেছেন যে পেজেশকিয়ান আবার পদত্যাগের সিদ্ধান্ত নিলে তা গ্রহণ করা হবে। ইরানের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই বক্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
এদিকে বিবিসি ফার্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিভিন্ন গণমাধ্যম প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের একটি ভিডিও বক্তব্যের অংশ প্রচার করেছে। ওই বক্তব্যে তিনি বলেছেন, “আমি পদত্যাগ করব না এবং অবিচল থাকব।”
ভিডিওতে পেজেশকিয়ান আরও বলেন, “আমরা সামরিক বাহিনীর সঙ্গে পূর্ণ যোগাযোগে রয়েছি।”
ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধসংক্রান্ত ঘটনাসহ বর্তমান পরিস্থিতি নিয়ে পেজেশকিয়ানের বক্তব্যের পূর্ণাঙ্গ ভিডিও ও লিখিত বিবরণ শিগগিরই প্রকাশ করা হবে।

