ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ী বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে কোনো বিকল্প নৌপথ বা ‘দ্বিতীয় করিডোর’ প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে এ অঞ্চলে মোতায়েন মার্কিন জাহাজ ও সামরিক বাহিনী গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারে এবং হতাহতের ঘটনাও ঘটতে পারে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে তাদের বর্তমান নীতিগত অবস্থান পরিবর্তনের আহ্বান জানান। এ খবর জানিয়েছে মেহের নিউজ এজেন্সি।
সম্প্রতি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) সচিবের দায়িত্ব গ্রহণ করা রেজায়ী বলেন, হরমুজ প্রণালিতে দ্বিতীয় কোনো করিডোর চালু করার অনুমতি ইরান কখনো দেবে না।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি দীর্ঘায়িত হলে তা ইরান মেনে নেবে না। দেশের নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে তেহরান প্রস্তুত রয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল করে। ফলে এ জলপথকে ঘিরে যেকোনো উত্তেজনা আন্তর্জাতিক নৌ-নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি বাজারে ব্যাপক প্রভাব ফেলতে পারে।

